দুই ছাত্রকে ব্লেডের পোঁচ, দুই শিক্ষক গ্রেপ্তার
মাদ্রাসায় আর পড়বে না বলে পালিয়ে বাড়ি যায় মিনারুল (১২)। তার কান্নাকাটিতে অভিভাবকেরাও আর তাকে মাদ্রাসায় না পাঠাতে রাজি হন। এরপর সে বিছানাপত্র আনতে মামাতো ভাইকে নিয়ে মাদ্রাসায় যায়। সেখানে তাদের একটি কক্ষে আটকে রাখেন দুই শিক্ষক। পরে ব্লেডের পোঁচ দিয়ে তাদের জখম করা হয়।
গত শনিবার নওগাঁর বদলগাছি উপজেলার হাকিমপুর হাজিউদ্দিন হারামাইল সৈয়দ জয়নাল আবেদিন নুরানি হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুই ছাত্র হলো মিনারুল ইসলাম ও তার মামাতো ভাই রেজাউল ইসলাম (১৩)। মিনারুল ওই মাদ্রাসায় আমপারার ছাত্র। আর রেজাউল বদলগাছি উপজেলার গয়েশপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় গত মঙ্গলবার বদলগাছি থানায় মামলা হয়েছে। মামলার আসামি মাদ্রাসার দুই তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিনারুল ধামইরহাট উপজেলার চক চান্দিরা গ্রামের এমাজ উদ্দিনের ছেলে। মিনারুল ইসলামের মামাতো ভাই রেজাউল ইসলাম ওরফে রেজা একই গ্রামের বাসিন্দা।
এজাহারের বিবরণ অনুযায়ী, মিনারুল ১২ থেকে ১৩ দিন আগে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে যায়। সে আর মাদ্রাসায় পড়বে না বলে অভিভাবকদের জানায়। পরে অভিভাবকেরা মাদ্রাসা থেকে তার জিনিসপত্র বাড়িতে আনতে বলেন। এ জন্য শনিবার বিকেলে রেজাউলকে নিয়ে মনিরুল মাদ্রাসায় যায়। মাদ্রাসার প্রধান শিক্ষক ফিরোজ আহাম্মেদ ও সহকারী শিক্ষক মোকারম হোসেন তাদের একটি কক্ষে আটকে রাখেন। এরপর মিনারুলের পিঠ ও হাতে ব্লেড দিয়ে পোঁচ দেন দুই শিক্ষক। রেজাউলের হাতের আঙুলেও ব্লেডের পোঁচ দেওয়া হয়। সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়।
গতকাল বুধবার গণমাধ্যমকর্মীরা মিনারুলের গ্রামের বাড়িতে গেলে মিনারুল ও রেজাউল শরীরের ক্ষত স্থান দেখায়। মিনারুল বলে, ‘মাদ্রাসা থেকে পালিয়েছি এবং মাদ্রাসার দুর্নাম করেছি বলে দুই শিক্ষক আমাকে ও আমার মামাতো ভাইকে এ শাস্তি দেন। তাঁরা আমাদের বলেন, তোমারা তোমাদের শরীরের কাটা দেখলে আমাদের কথা মনে পড়বে। এটা মাদ্রাসার দুর্নাম করার শাস্তি।’ রেজাউল বলে, শিক্ষকেরা প্রথমে তার ডান হাতের তর্জনীতে ব্লেডের পোঁচ দিতে চাইছিলেন। পরীক্ষার কথা বলে অনুরোধ করায় তাঁরা তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে পোঁচ দেয়। পরে তারা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
মিনারুলের বাবা এমাজ উদ্দিন বলেন, মিনারুলের শরীরে ব্লেডের ১৪টি পোঁচ দেওয়া হয়। কাটা স্থানে সেলাই দেওয়া হয়েছে।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় মাদ্রাসার ওই দুই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ মাদ্রাসায় তত্ত্বাবধায়ক ওই দুজনই। ফলে এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য আর কাউকে পাওয়া যায়নি।