দুই ছাত্রকে মারধর করলেন কর্মচারী
পূর্ববিরোধের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে এক কর্মচারী চড়-থাপ্পড় মেরেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বাসে এ ঘটনা ঘটে। দুই ছাত্র প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী দুজন হলেন মো. মানিক আলী ও মো. রতন আলী। দুজনই বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র। এর মধ্যে মানিক পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। রতন স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার সহায়ক কর্মচারী মো. সুমনুজ্জামান সুমন তাঁদের মারধর করেন। তিনি পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
জানতে চাইলে সুমন বলেন, ‘একটা ভুল-বোঝাবুঝিতে মানিককে চড় মেরেছিলাম। এই সামান্য বিষয় যে এত দূর গড়াবে, আমি ভাবিনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুজিবুল হক আজাদ খান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।