দুই ছাত্রকে হাত-পা বেঁধে নদীতে ডুবিয়ে হত্যা
সাভারে রঙের কাজ করানো ও চাকরি দেওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর দুই কলেজছাত্রকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। পরে বাসায় ফোন করে দাবি করা হয়েছে মুক্তিপণ। পৃথক এ দুই ঘটনায় অপহরণকারী সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর দুই ছাত্রের লাশ উদ্ধারে বংশী নদীতে চালানো হচ্ছে অভিযান।
এদিকে নিহত দুই কলেজছাত্রের একজনের পরিবার অভিযোগ করেছে, অপহরণ করার পর থেকেই অপহরণকারী চক্র কাছে মুক্তিপণ চাইছিল। এ ব্যাপারে সাভার থানায় মামলা করতে গেলে পুলিশ নিখোঁজ-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে বিদায় করে দেয়।
রঙের কাজ করানোর কথা বলে ডেকে নিয়ে হত্যা করা ছাত্রটি হলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুনসের আলী। তিনি সাইনবোর্ড, ব্যানার—এসব লিখতেন। আর চাকরি দেওয়ার কথা বলে হত্যা করা ছাত্র হলেন মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের একাদশ শ্রেণির মনির হোসেন। তাঁদের হাত-পা বেঁধে কংক্রিটের চাঁইয়ে বেঁধে নদীতে ডুবিয়ে হত্যা করা হয়।
পুলিশের ভাষ্যমতে, রাজধানীর অদূরে সাভারের বিভিন্ন স্থান থেকে গত শুক্রবার রাতে অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করার পর তাঁরা এসব তথ্য দিয়েছেন। এরপর গতকাল শনিবার বিকেলে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি এনে সাভারের বংশী নদী থেকে ওই দুই ছাত্রের লাশ উদ্ধারের চেষ্টা চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাদশা মিয়া, আক্তারুজ্জামান, শুক্কুর আলী, মনোয়ার হোসেন, আজগর আলী ও লাল মিয়া।
যেভাবে দুজনকে হত্যা ও মুক্তিপণ দাবি: সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেনের ভাষ্য, রঙের কাজ করানোর কথা বলে বাদশা মিয়া গত ২৫ আগস্ট রাত আটটার দিকে মুঠোফোনে মুনসের আলীকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁকে সাভার নামাবাজার এলাকার পাশে বংশী নদীর ধারে নিয়ে একটি ট্রলারে তোলেন। তেঁতুলঝোড়া এলাকায় গিয়ে কয়েক সঙ্গীকে নিয়ে বাদশা তাঁর হাত-পা বেঁধে গলায় কংক্রিটের চাঁই ঝুলিয়ে নদীতে ডুবিয়ে দেন। হত্যার পর তাঁর পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া শুরু করেন।
পরিবার সূত্রে জানা যায়, মুনসের নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি বড় ভাই মঞ্জুর সঙ্গে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় থাকতেন। সাইনবোর্ড, ব্যানার লিখে নিজের পড়ার খরচ চালাতেন।
মঞ্জু বলেন, তাঁর ভাইকে অপহরণের পর তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারী চক্র। এ ব্যাপারে সাভার থানায় মামলা করতে গেলে পুলিশ নিখোঁজবিষয়ক একটি জিডি নিয়ে বিদায় করে দেয়।
এদিকে মানিকগঞ্জ সদর থানার এসআই আবুল হাশেমের ভাষ্যমতে, চাকরি দেওয়ার কথা বলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাদশা মিয়া কলেজছাত্র মনিরকে মানিকগঞ্জ থেকে সাভারে নিয়ে যান। ওই দিন রাতেই তাঁকে ট্রলারে করে বংশী নদীতে নিয়ে গলায় কংক্রিটের চাঁই ঝুলিয়ে ডুবিয়ে হত্যা করেন। এর আগে মায়ের কাছে টাকা চেয়ে মনিরের করুন আর্তি মুঠোফোনে রেকর্ড করেন। এরপর ওই রেকর্ড বাজিয়ে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছিল।
মনির মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের কুয়েতপ্রবাসী পরশ আলীর ছেলে। তিনি মানিকগঞ্জ শহরের সেওতা এলাকার একটি মেসে থাকতেন। বাদশার বাড়িও একই এলাকায়। তিনি সম্পর্কে মনিরের চাচা হন বলে জানা গেছে।
মনিরের মা মালেকা বেগম বলেন, তাঁর ছেলেকে কৌশলে অপহরণ করে হত্যার পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল অপহরণকারীরা। এ ব্যাপারে গত শুক্রবার তিনি মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।
পুলিশ হেফাজতে থাকা বাদশা মিয়া বলেন, অপহরণের পর অপহৃতদের লুকিয়ে রাখা ঝামেলার। এ কারণে অপহরণের পরপরই তাঁদের হত্যা করা হয়েছে। আর লাশ যাতে ভেসে না ওঠে, সে জন্য ওই পদ্ধতিতে হত্যা করা হয়েছে তাঁদের।
যোগাযোগ করা হলে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে গতকাল বিকেল থেকে ডুবুরির সাহায্যে লাশ উদ্ধারের চেষ্টা চালানো হয়। রাত আটটার দিকে অভিযান বন্ধ রাখা হয়। আজ (রোববার) আবার উদ্ধার অভিযান চালানো হবে। পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, আড়াপাড়া থেকে শুক্রবার রাতে বাদশাকে প্রথম গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্য অনুযায়ী একে একে গ্রেপ্তার করা হয় অন্যদের। গ্রেপ্তারের পর ওই দুজনকে হত্যা ও পরিবারের কাছে মুক্তিপণ চাওয়ার ঘটনা খুলে বলেন তাঁরা। এই চক্রের নেতৃত্বে ছিলেন আক্তারুজ্জামান।