দুই ছাত্রলীগ কর্মীকে কোপানোর ঘটনায় মামলা
সিলেট নগরের সোবহানীঘাটের জালালাবাদ কলেজের সম্মুখে দুই ছাত্রলীগ কর্মীকে কোপানোর ঘটনায় মামলা করা হয়েছে। হত্যাচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সোমবার দিবাগত রাতে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি করেছেন ছাত্রলীগের আহত কর্মী আবুল কালাম আসিফের বড় ভাই আবুল কালাম আফাজ। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, মামলার আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আহত ছাত্রলীগ কর্মী আবুল কালামের বড় ভাই আফাজ বলেন, কালামের অবস্থার অবনতি হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এ জন্য ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সোমবার দুপুরে সন্ত্রাসীদের হামলা ও রাতে কলেজ ভাঙচুরের পর তিন দিন কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার রাতে জরুরি এক বিজ্ঞপ্তিতে কলেজের অধ্যক্ষ এ ঘোষণা দেন। এদিকে ছাত্রলীগের দুই কর্মীর ওপর হামলাকারী ছাত্রশিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছাত্রলীগ।