দুই ছাত্রী ও এক ছাত্রের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
কুড়িগ্রাম ও পাবনায় গতকাল বুধবার দুই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি, সুচিত্রা রানী ও রুমানা আক্তার নামে এই দুজনকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে পটুয়াখালীর কলাপাড়ায় উদ্ধার করা হয়েছে জেমিন তাসনিম নামে এক স্কুলছাত্রের লাশ। তাকেও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর গতকাল এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: সদর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে উপজেলার হলোখানা ইউনিয়নের পিঁপড়া ঘাটের কাছে ধরলা নদীতে এক কিশোরীর লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ওই কিশোরীর স্বজনেরা থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন। কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর বেলা দুইটার দিকে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।
নিহত কিশোরী সুচিত্রা রানী উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমোরপুর গ্রামের নরেশ চন্দ্র রায়ের মেয়ে। সে স্থানীয় মধ্য কুমোরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।
সুচিত্রার সহপাঠীরা জানায়, সুচিত্রা বরাবরই ক্লাসে প্রথম হয়ে আসছিল।
সুচিত্রার একমাত্র ভাই সঞ্জিত কুমার রায় জানান, অন্যান্য দিনের মতো গত বৃহস্পতিবার রাতে নিজের কক্ষে লেখাপড়া করছিল সুচিত্রা। রাত ১০টার দিকে সুচিত্রা তাঁর (সঞ্জিত) মুঠোফোনটি চেয়ে নেয়। রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনটি ফেরত চাইতে সুচিত্রার কক্ষে গিয়ে তিনি দেখেন, সে নেই। অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায়নি।
সুচিত্রার পরিবার ও এলাকাবাসীর ধারণা, কেউ মুঠোফোনে সুচিত্রাকে ডেকে নিয়ে অপহরণের পর হত্যা করেছে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম জানান, কয়েক দিন লাশ পানিতে ছিল। পরীক্ষা-নিরীক্ষা করতে ৭২ ঘণ্টা সময় লাগবে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমির উদ্দিন জানান, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পাবনা: সদর থানা ও জেলা শহরের রাধানগর মহল্লার বেগম ভিলা ছাত্রীনিবাস সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে রুমানা খাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। বেলা ১১টার দিকে মেসের মালিকসহ অন্যরা তাঁর কক্ষের দরজার সামনে এসে কিছুক্ষণ তাঁকে ডাকাডাকি করেন। একপর্যায়ে তাঁরা পুলিশে খবর দেন। বেলা একটার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা তাঁর লাশটি উদ্ধার করে।
নাটোরের বেলঘড়িয়া বাইপাস এলাকার লুৎফর রহমানের মেয়ে রুমানা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন। তিনি রাধানগরে শামীম ফ্লাওয়ার মিলে খণ্ডকালীন চাকরি করতেন।
রুমানার বাবা লুৎফর রহমান অভিযোগ করেন, ওই মিলমালিকের এক আত্মীয় রুমীকে উত্ত্যক্ত করতেন। তিনি পরিকল্পিতভাবে রুমীকে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আলেখা খাতুন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হবে।
কলাপাড়া (পটুয়াখালী): পৌর শহরের রহমতপুর এলাকার গাজী মজিবুর রহমানের ছেলে জেমিন তাসনিম গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিখোঁজ হয়। পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনের পুকুর পাড়ে তার লাশ পাওয়া যায়। তাসনিম কলাপাড়া পৌর শহরের অ্যালফাবেট কিন্ডারগার্টেন স্কুলে প্লে শ্রেণির ছাত্র ছিল। গাজী মজিবুর বলেন, ‘ওর মুখমণ্ডলে ও কপালে আঘাতের চিহ্ন ছিল। দুর্বৃত্তরা ওকে শ্বাসরোধে হত্যা করে। কিন্তু আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জে এইচ খান লেনিন বলেন, ‘আমার কাছেও মনে হয়েছে, ওকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’ গতকাল দুপুরে কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, ‘ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। আমরা এর রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
নীলফামারী: কিশোরগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর মৌলভীহাট গ্রামের কাঁচামাল ব্যবসায়ী খবর আলী (৫৫) তিন দিন আগে নিখোঁজ হন। ৯ ফেব্রুয়ারি রাতে তাঁর দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে এলাকাবাসী উপজেলা পরিষদ মিলনায়তনের পাশে খবর আলীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গতকাল বিকেলে কিশোরগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজার রহমান বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।