দুই ছাত্রী ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেপ্তার
নেপালি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে আসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শনিবার যশোর, রংপুর ও রাজধানী থেকে ওই তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিবি।
গত ১৪ আগস্ট রাজধানীর মগবাজারের একটি হোটেলে নিয়ে জামালপুর থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে আসা এক ছাত্রীকে ধর্ষণ করেন দুই যুবক। এ ঘটনায় আনিছুর রহমান ওরফে শাওন ও মো. হাবিবুল্লাহ ওরফে হাবিব ওরফে নিলয় নামে দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ আগস্ট পূর্বপরিচিত মেয়েটিকে ফার্মগেটের হোস্টেল থেকে ডেকে মগবাজারের একটি হোটেলে নিয়ে যান আনিছুর রহমান। সেখানে আগে থেকেই ছিলেন হাবিবুল্লাহ। এরপর তাঁরা দুজন মেয়েটিকে হোটেলের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে সন্ধ্যার দিকে ছেড়ে দেন। মেয়েটি ফোনে জামালপুরে থাকা তাঁর বাবা-মাকে বিষয়টি জানালে তাঁর বাবা ঢাকায় এসে রমনা থানায় একটি মামলা করেন। সেই মামলায় ডিবি ওই দুজনকে গ্রেপ্তার করে।
নেপালি ছাত্রী ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার: এদিকে নেপালি ছাত্রী ধর্ষণের অভিযোগে সৈয়দ আবু খালিদ ইবনে হাক্কানী ওরফে বাদশা নামে এক ব্যক্তিকে গত শনিবার যশোরের শার্শা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর পান্থপথের একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়েন নেপালি ছাত্রীটি। তিনি তাঁর অন্য বন্ধু ও নেপালি নাগরিকদের সঙ্গে মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিংয়ের একটি বাসায় থাকতেন। ওই বাসায় থাকতেন নেপালের অরুণ কুমার চৌধুরী নামের আরেক নাগরিক, যাঁর মাধ্যমে মেয়েটি ঢাকায় ভর্তি হয়েছিলেন। ওই বাসাটির তত্ত্বাবধায়ক ছিলেন আবু খালিদ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ এপ্রিল অরুণ কুমার ও আবু খালিদ নেপালি ছাত্রীটিকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করেন। ঘটনার তিন দিন পর অরুণ গ্রেপ্তার হন। এরপর শনিবার আবু খালিদকে গ্রেপ্তার করা হয়।