দুই ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সরকারি কলেজের ছাত্রী দুই বোন লাঞ্ছনার ঘটনায় পুলিশ গতকাল বুধবার কলেজের একাডেমিক ভবনে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে। আগের দিন মঙ্গলবার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার যুবককে গ্রেপ্তার করেছে।

বেলা ১১টায় কলেজের একাডেমিক ভবনে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নুরুল ইসলামের সঞ্চালনায় অধ্যক্ষ মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে ইভ টিজিং নির্মূল, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজাদ রহমান, কলেজের উপাধ্যক্ষ এম এ জাহাঙ্গীর আলম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সরোয়ার মোর্শেদ খান, সহযোগী অধ্যাপক বদর উদ্দিন প্রমুখ।

রাজবাড়ী সদর থানা-পুলিশ জানায়, কলেজছাত্রী দুই বোন লাঞ্ছিত হওয়ার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার জেলা সদরের বিনোদপুর মাইছাঘাটা এলাকার মো. রাব্বী হোসেন (১৮), শহরের ধুঞ্চি এলাকার মো. আলামিন কাজি (১৮), মো. আশিক কাজি (১৮) ও চর ছিলিমপুর এলাকার মো. রফিক শেখ (৩০) নামের চারজনকে আটক করা হয়েছে।

গত সোমবার রাতে ওই দুই ছাত্রীর বাবা সাতজনের নামোল্লেখ ও অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, সাকিবুল হোসেন তাঁর ছোট মেয়েকে প্রেম নিবেদন করে আসছিলেন। কিন্তু সাড়া না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে সোমবার সহযোগীদের নিয়ে ছোট বোনকে চুলের মুঠি ধরে লাথি মারেন। বড় বোন এগিয়ে এলে তাকেও লাথি ও কিল-ঘুষি মেরে রাস্তায় ফেলে দেন। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটলেও তাদের বাঁচাতে কেউ এগিয়ে আসেনি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন চার যুবককে মঙ্গলবার বিকেলেই রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।