ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দুই কর্মীর বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তবে অভিযোগ পড়ে মনে হয়েছে, যৌন হয়রানির মতো কোনো ঘটনা ঘটেনি। রাস্তায় অন্ধকারে ছেলেটি সামনে এসে দাঁড়ানোয় তারা কিছুটা ভয় পেয়েছিল।’
অশালীন উক্তি ও অশালীন অঙ্গভঙ্গি যৌন হয়রানির মধ্যে পড়ে জানালে অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘আমি মেয়ে দুটিকে ডেকে কথা বলে বিস্তারিত শুনব। যদি সে রকম মনে হয়, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
ছাত্রলীগের ওই দুই কর্মী হলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুজন প্রামাণিক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র লিটন।
ভুক্তভোগী দুই ছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা সোমবার রাত সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের রাস্তা দিয়ে হলে ফিরছিলেন। এ সময় পাশের ছাত্রলীগের টেন্টের সামনে তাঁদের পথরোধ করেন সুজন ও লিটন। তাঁরা ভয়ে দ্রুত পাশে চলে যান। এ সময় দুই ছাত্রলীগ কর্মী তাঁদের অশালীন উক্তি ও অঙ্গভঙ্গি করেন। এর প্রতিবাদ করলে সুজন ও লিটন এক ছাত্রীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন।
বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ অভিযোগ কমিটির সভাপতি মাহবুবা কানিজ বলেন, ‘ভুক্তভোগী ছাত্রীরা অভিযোগ দেবে বলে আমাকে জানিয়েছে। লিখিত অভিযোগ হাতে এলে আমরা তদন্তকাজ শুরু করব।’