দুই ছাত্রীকে রড দিয়ে পেটাল বখাটেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে দুই কলেজছাত্রীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। আজ বুধবার বিকেলে মহিলা কলেজ সড়কের রফিকরাজু ক্যাডেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই দুই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত দুই শিক্ষার্থী সখীপুর আবাসিক মহিলা কলেজের সম্মান দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রী। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কাল বৃহস্পতিবার মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ওই কলেজ কর্তৃপক্ষ।

এ ঘটনায় সন্ধ্যায় স্বপন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখার সময় ওই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সখীপুর আবাসিক মহিলা কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে সখীপুর বাজারে যাচ্ছিলেন ওই দুই ছাত্রী। রফিকরাজু ক্যাডেট স্কুলের সামনে পৌঁছালে মুখোশপরা তিন বখাটে তাঁদের গতিরোধ করে। পরে যানটি থেকে নামিয়ে ওই দুই ছাত্রীকে নামিয়ে রড দিয়ে পেটাতে থাকে বখাটেরা। তাঁদের চিৎকার শুনে স্থানীয় এক ব্যবসায়ী মালিক আলী হোসেন তালুকদার এগিয়ে গেলে বখাটেরা তাঁকেও মারধর করে। একপর্যায়ে আশপাশের আরও লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।

সন্ধ্যায় ওই কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। রাতের মধ্যে বখাটেদের গ্রেপ্তার করা না হলে কলেজের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আহমেদ রীনা বলেন, ওই দুই ছাত্রীর শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে। অভিযুক্ত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।