ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুই ছাত্রীর বিরুদ্ধে এক ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা করার অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার মামলাটি নেওয়া হয়। ছেলেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এজাহারে বলা হয়েছে, প্রেমের সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে ওই দুই ছাত্রী বলছে, ওই ছেলে তাদের একজনকে উত্ত্যক্ত করত। ছেলেটিকে কে আহত করেছে, তারা তা জানে না। মামলার কারণে তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
এজাহারে ওই ছাত্রের বাবা উল্লেখ করেন, একই কোচিং সেন্টারে পড়ায় দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তাঁর ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গত ২৭ মে ওই ছাত্রী তাঁর ছেলেকে মুঠোফোনে দক্ষিণ চণ্ডীপাশা মহল্লার পরিত্যক্ত একটি ইটভাটার সামনের পাকা সড়কে ডেকে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রী ব্যাগ থেকে ক্ষুর বের করে তাঁর ছেলের গলায় পোঁচ দেয়। এ সময় নবম শ্রেণির আরেক ছাত্রী তাঁর ছেলের দুই হাত ধরে ছিল। তাঁর ছেলে গুরুতর আহত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকে। তিনি খবর পেয়ে সেখান থেকে ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলে কণ্ঠনালি কাটা থাকায় তাঁর ছেলে কথা বলতে পারেনি। তবে এক টুকরো কাগজে সে অভিযুক্তদের নাম লিখে দেয়। এরপর সেখান থেকে ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তিনি বুধবার থানায় এজাহার দেন।
গত বৃহস্পতিবার মুঠোফোনে দশম শ্রেণির মেয়েটির মা বলেন, ওই ছেলেটি তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। তিনি প্রতি মাসে মেয়ের প্রাইভেট ও কোচিংয়ের বেতন শিক্ষকদের দিয়ে আসতেন। সে সময় মেয়েকে উত্ত্যক্ত না করার জন্য তিনি ছেলেটিকে একাধিকবার সতর্ক করেছেন।
মায়ের অনুমতি নিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে, ওই ছাত্রী বলে, ছেলেটিকে সে কখনো পাত্তা দেয়নি। এ কারণে ছেলেটি কিছু একটা ঘটিয়ে আলোড়ন সৃষ্টি করবে বলে হুমকি দেয়। এ জন্য সে ভয়ে থাকত। ওই দিন ছেলেটিকে রাস্তায় দেখতে পেয়ে সে প্রাইভেট পড়তে না গিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। এক সময় পেছনে তাকিয়ে সে ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন সে আরও আতঙ্কিত হয়ে দ্রুত বাড়ি ফিরে আসে। ছেলেটি কীভাবে রক্তাক্ত হয়েছে, তা সে জানে না।
নবম শ্রেণির ছাত্রীটি বলে, তারা দুজন একই বাড়ির বাসিন্দাহলেও প্রাইভেট পড়ার সময় ছিল আলাদা। ওই দিন সে প্রাইভেট শিক্ষকের কাছ থেকে ফেরার পথে সড়কে মানুষের জটলা দেখতে পায়। তবে ঘটনা সম্পর্কে সে কিছুই জানে না।
দক্ষিণ চণ্ডীপাশা মহল্লার খোদেজা বেগম (৬০) নামে এক নারী গতকাল শুক্রবার বলেন, তিনি সেদিন সকাল সাতটার দিকে দুটি মেয়েকে ভয়ে ভয়ে রাস্তা পার হতে দেখেন। এর খানিক পরে একটি ছেলেকে রক্তাক্ত অবস্থায় মেয়ে দুটির পেছন পেছন যেতে দেখেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, ছেলেটি কণ্ঠনালি কাটা অবস্থায় গুরুতর আহত ছিল। এ ঘটনায় মামলা নেওয়া ছাড়া বিকল্প ছিল না। তবে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত না হলে সেটা অবশ্যই বিবেচনায় নেওয়া হবে।