দুই ছাত্রীর মৃত্যুরহস্য নিয়ে ধোঁয়াশায় সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-মা, স্বজনেরা কিছু বলতে পারছেন না। পুলিশ পারছে না ধারণা করতে। তারা এখনো ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায়। সিলেটের জৈন্তাপুরে দুই স্কুলছাত্রীর মৃত্যু নিয়ে ধোঁয়াশার মধ্যে আছে সবাই।
রোকসানা বেগম ও ইমরানা বেগম নামের দুই ছাত্রী মারা গেছে গত শুক্রবার। দুজন সম্পর্কে খালা-ভাগনি। পড়ত কানাইঘাটের দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান থেকে দুজন এক আত্মীয়ের বাড়িতে রাতে থাকে। পরদিন শুক্রবার দুপুরের দিকে জৈন্তাপুরের দরবস্তবাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে বাড়ি ফেরার পথে বমি করে দুজন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
রোকসানার বাড়ি জৈন্তাপুরের পাতল গ্রামে এবং ইমরানার বাড়ি পাশের কানাইঘাট উপজেলার ধলকিরাই গ্রামে। গতকাল শনিবার সকালে রোকসানার বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা রোকেয়া বেগম মাথায় হাত দিয়ে বসে আছেন।
রোকসানার বাবা আবুল হোসেন পেশায় মাটিকাটা শ্রমিক। তাঁর পাঁচ ছেলেমেয়ের মধ্যে কেবল রোকসানা বেগমই স্কুলে পড়ত। মেয়ের আকস্মিক মৃত্যু এবং তাঁর কারণও অজানা, সব মিলিয়ে মস্ত এক ঘোরের মধ্যে পড়েছেন আবুল হোসেন। তিনি বলেন, ‘মরল না মারল—আমি তো কোনতা খইতাম পাররাম না!’
একই অবস্থা ইমরানা বেগমের বাড়িতেও। তার বাবা আবদুর রব কৃষক। সাত-ভাইবোনের বড় পরিবারে ইমরানা চতুর্থ। এ পরিবারেও শুধু সে স্কুলে যেত। আবদুর রব বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।
গতকাল সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে দুই ছাত্রীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিকেলে লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে জানিয়ে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) বিনয় ভূষণ রায় বলেন, ছাত্রীদের বহনকারী অটোরিকশাচালক সোহেল মিয়াকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হলেও ঘটনা তদন্ত করা হচ্ছে।
সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে এসআই বিনয় ভূষণ আরও বলেন, অটোরিকশা থেকে একটি জুসের প্যাকেট উদ্ধার করা হয়েছে। চালক জানিয়েছেন, গাড়িতে ওঠার পর দুই ছাত্রী এটি খেয়েছিল। এ থেকে কোনো বিষক্রিয়ায় মারা গেল কি না—পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া, ছাত্রীদের শরীরে কোনো ধরনের আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।