দুই ছাত্রীসহ চারজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে এক মাদ্রাসাছাত্রী এবং শরীয়তপুরের গোসাইরহাটে এক কলেজছাত্রীকে গত বুধবার রাতে হত্যা করা হয়েছে। একই রাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবলীগের এক কর্মী এবং সিলেটের কোম্পানীগঞ্জে বোমা মেশিনের ব্যবস্থাপক খুন হয়েছেন।
করিমগঞ্জে নিহত আসমা আক্তার (১৯) ভাটিয়া জহিরকোণা এলাকার আনোয়ারুল হকের মেয়ে। গোসাইরহাটে নিহত কলেজছাত্রীর নাম আয়না বেগম (২০)। তিনি চর সামন্তসার গ্রামের জসিম মাদবরের স্ত্রী। গফরগাঁওয়ে খুন হওয়া যুবলীগের কর্মী পাপ্পু মিয়া (২২) পৌর শহরের রাঘাইচটি এলাকার আবদুল খালেকের ছেলে। কোম্পানীগঞ্জে নিহত বোমা মেশিনের ব্যবস্থাপকের নাম বাবুল মিয়া (৩০)। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার ভাবনচর গ্রামের বাসিন্দা।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: আসমা আক্তারের বাবা আনোয়ারুল হক বলেন, প্রতিবেশীদের সঙ্গে তাঁর বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। বুধবার রাতে আসমা তাঁর মায়ের সঙ্গে ঘুমান। একসময় তিনি শারীরবৃত্তীয় কাজে বাইরে যান। এরপর আর ফেরেনি। গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা বাড়ির পেছনে বাঁশবাগানে আসমার গলাকাটা লাশ দেখতে পান। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে। তিনি ভাটিয়া কওমি মহিলা মাদ্রাসার হাদিস বিভাগের শিক্ষার্থী ছিলেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, তাঁর বুক, পেট ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে।
শরীয়তপুর: নিহতের পরিবার ও থানা-পুলিশ সূত্র জানায়, ডামুড্যা উপজেলার চরসিধলকুরা গ্রামের আলতাফ ফকিরের মেয়ে আয়না বেগম। তাঁর সঙ্গে ২০১৪ সালে জসিম মাদবরের বিয়ে হয়। সম্প্রতি অটোরিকশা কেনার জন্য জসিম আরও দেড় লাখ টাকা আনতে আয়নার ওপর চাপ সৃষ্টি করেন। এ নিয়ে এক মাস আগে ঝগড়া করে আয়না বাবার বাড়ি যান। পরে জসিম তাঁকে ফিরিয়ে আনেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাঁদের বসতঘরের বারান্দা থেকে আয়নার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আয়না গোসাইরহাট শামসুর রহমান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জসিমের মা জীবন নেছা বলেন, ‘রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আয়নার গোঙানির শব্দ পেয়ে বারান্দায় গিয়ে দেখি লাশ ঝুলছে। তখন পুলিশকে খবর দিই।’
সিলেট: এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাবুল মিয়া কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির অবৈধ পাথর উত্তোলন যন্ত্র বোমা মেশিনের ব্যবস্থাপক ছিলেন। তিনি বুধবার রাতে বোমা মেশিন বন্ধ করে ফিরছিলেন। তাঁর সঙ্গে কোম্পানীগঞ্জের ডাকাতির বাড়ির বাসিন্দা নাজিম মিয়া (২৮) নামের একজন পাথরশ্রমিক ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে ১০-১২ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত দুজনের পথ রোধ করে। এ সময় নাজিম ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা ধাওয়া করে বাবুলকে ধরে। তারা বাবুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে এলাকাবাসী লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম বলেন, পাথর উত্তোলন নিয়ে বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ময়মনসিংহ: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক ১০০ গজ দূরে দুর্বৃত্তরা পাপ্পু মিয়াকে ধরে নিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা সেখান থেকে ধস্তাধস্তির আওয়াজ পান। রাতে পাপ্পু বাড়ি ফেরেননি। গতকাল সকাল সাতটার দিকে পুলিশ ওই এলাকা থেকে পাপ্পুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। গফরগাঁও থানায় তাঁর বিরুদ্ধে ইয়াবা বড়ি ব্যবসার অভিযোগে একটি মামলা রয়েছে। পুলিশের ধারণা, মাদক ব্যবসা বা অন্য কোনো বিরোধের জের ধরে পাপ্পুকে হত্যা করা হতে পারে।
গফরগাঁও থানার ওসি মাহবুব আলম বলেন, পাপ্পুর পেটে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।