দুই ছাত্রীসহ পাঁচজনকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় ইংরেজি মাধ্যম স্কুলের এক ছাত্রীসহ পাঁচজনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গুলশান থানার পুলিশ জানায়, নিকেতন এলাকার বাসিন্দা ও গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে তার বন্ধু নিশাত লিংকন। ওই ছাত্রীর সঙ্গে লিংকনের আট মাস ধরে সম্পর্ক ছিল। কয়েক দিন আগে লিংকন ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে ছাত্রীটিকে তার মা গত মঙ্গলবার উদ্ধার করেন। এ ঘটনায় তিনি লিংকনকে আসামি করে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গতকাল বুধবার বিকেলে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
গুলশান থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে ছাত্রীটি ধর্ষণের শিকার হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
এদিকে গতকাল সকালে রাজধানীর পল্লবী এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক নারীকে (২২) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন।
পল্লবী থানার পুলিশ জানায়, বুধবার সকালে খবর পেয়ে মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকের আল আমিন ইন্টারন্যাশনাল স্কুলের পাশের ডেফোডিল কোচিং হোমের সিঁড়ি থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী তাঁর নাম বলেননি, মানসিক রোগীর মতো চিৎকার করতে থাকেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ওই নারীর শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ধারণা করা হচ্ছে, তিনি ধর্ষণের শিকার। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও বলেন, এ ঘটনায় ডেফোডিল কোচিং হোমের পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গতকাল সকালে দোলাইরপাড়ে ধর্ষণের শিকার এক শিশুকে তার মা–বাবা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁরা অভিযোগ করেন, প্রতিবেশী এক যুবক তাঁদের মেয়েকে ধর্ষণ করেছে। ওই যুবকের বিরুদ্ধে মামলা করার জন্য মেয়েকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পেতে তাঁরা হাসপাতালে এসেছেন। কিন্তু চিকিৎসার সনদ না পেয়ে তাঁরা মেয়েকে নিয়ে চলে যান।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে সূত্রাপুরের আবদুর রউফ লেনে ১১ বছর বয়সী এক শিশুকে প্রতিবেশী ওয়াহিদুর রহমান তাঁর বাসায় নিয়ে ধর্ষণ করেন। শিশুটির ছোট ভাই এ ঘটনা দেখে ফেলে এবং পরে মা–বাবাকে জানায়। মেয়েটি স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান পাটোয়ারী বলেন, গতকাল সকালে ধর্ষণের অভিযোগে ওয়াহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
মামলা না নেওয়ার অভিযোগ: গত মঙ্গলবার রাতে পুরান ঢাকার ইসলামবাগে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় চকবাজার থানা মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
গৃহবধূর স্বামী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, মঙ্গলবার রাত ১২টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফিরে জানতে পারেন প্রতিবেশী সুরুজ মিয়া তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছেন। এ সময় তিনি আশপাশের লোকজনের সহায়তায় সুরুজকে আটক করেন। কিন্তু সুরুজের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। তিনি হাসপাতালে তাঁর স্ত্রীকে ভর্তি করেছেন। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন নিয়ে তিনি আদালতে মামলা করবেন।
যোগাযোগ করা হলে চকাবাজার থানার ওসি মো. আজিজুল মামলা না নেওয়ার অভিযোগ স্বীকার করেন। তিনি বলেন, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেলে মামলা নেওয়া হবে।