নোয়াখালী থেকে অসুস্থ মাকে চট্টগ্রামে দেখতে এসে হাসপাতাল ফটকের সামনে খুন হওয়া নাছির উদ্দিন হত্যায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ইমরান হোসেন ওরফে বাপ্পী ও মো. সুমন। গত রোববার রাতে নগরের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম।
এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় দুই আসামি নাছির উদ্দিনকে খুনের কথা স্বীকার করে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদের আদালতে জবানবন্দি দেন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চোখের চিকিৎসার জন্য নোয়াখালীর সোনাইমুড়ি থেকে নিহত নাছিরের মা মোবাশ্বেরা বেগমকে (৬২) নগরের পাহাড়তলী চক্ষু হাসপাতালে গত বৃহস্পতিবার ভর্তি করা হয়। অসুস্থ মাকে দেখতে ওই দিন রাতে বাসে করে বাড়ি থেকে রওনা দেন নাছির। কিন্তু যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে তাঁর অনেক রাত হয়ে যায়। ততক্ষণে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ হয়ে যায়। পরদিন শুক্রবার ভোরে হাসপাতালের সামনে থেকে নাছিরের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, রাতে হাসপাতাল থেকে চাচির বাসায় যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ ঘটনায় নিহত ব্যক্তির চাচা আলী বাদল বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন।
গত রোববার মামলাটি তদন্তের জন্য খুলশী থানা থেকে পিবিআইতে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ চাকমা প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির মুঠোফোনের সূত্র ধরে মোহাম্মদপুর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছিরকে খুনের কথা স্বীকার করেছেন। তাঁরা দুজন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের নেতা ইসমাঈল হোসেন ওরফে টেম্পো বাহিনীর সদস্য। পরে তাঁদের আদালতে হাজির করা হলে তাঁরা ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দেন।