
রাজধানীর সোবহানবাগে হাতের ব্যাগ ছিনিয়ে নিতে রাস্তায় ছেঁচড়ে গৃহবধূ আয়েশা আক্তারকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, গত সোমবার রাতে ধানমন্ডি থানার পুলিশ ওই তিনজনকে মিরপুর থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার করা তিনজনের মধ্যে আবুল কালাম ও হেমায়েত হোসেন ছিনতাইকারী, অপরজন আলমগীর হোসেন প্রতিদিন ভোরে দুই ঘণ্টার জন্য ওই দুজনের কাছে মাইক্রোবাসটি ভাড়া দিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ছিনতাইকারী গত ২৮ অক্টোবর আয়েশা হত্যাকাণ্ডকে ‘দুর্ঘটনা’ বলেছে।
তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
২৮ অক্টোবরের ঘটনা সম্পর্কে সংবাদ সম্মেলনে বলা হয়, সেদিন ভোর পাঁচটার দিকে মিরপুর ৬ নম্বর সেকশন থেকে ভাড়া করা মাইক্রোবাস নিয়ে বের হয় আবুল কালাম ও হেমায়েত। গাড়ি চালাচ্ছিল কালাম এবং পাশে বসে ছিনতাইয়ের শিকার খুঁজছিল হেমায়েত। তারা প্রথমে বিমানবন্দর পর্যন্ত যায়। সেখানে ব্যর্থ হয়ে তারা নিউমার্কেট হয়ে গাবতলীর দিকে যাচ্ছিল। পথে ধানমন্ডির সোবহানবাগ মসজিদের সামনে একটি রিকশায় দুজনকে দেখে তারা। কালাম গাড়ির গতি কমিয়ে রিকশার পাশে নেয়। এরপর রিকশারোহী নারীর হাতে ধরা ব্যাগের ফিতা ধরে টান দেয় হেমায়েত। ওই টানে নারীও রিকশা থেকে পড়ে যান। ব্যাগের সঙ্গে হাত পেঁচিয়ে থাকায় ওই নারীকেও কিছুদূর টেনে-হিঁচড়ে নিয়ে যায়। পরে ব্যাগ নিয়ে তারা দ্রুতবেগে চলে যায় মিরপুরের দিকে। আয়েশাকে সেদিন ছেঁচড়িয়ে প্রায় ১০০ গজ নিয়ে যায় ছিনতাইকারীরা। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে রাস্তায় পড়ে যান, ব্যাগ ছেড়ে দেন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাস, ছিনতাই করা চারটি ভ্যানিটি ব্যাগ, একটি ল্যাপটপের ব্যাগ ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিরপুর, পল্লবীসহ বিভিন্ন থানায় ছিনতাই-ডাকাতির অভিযোগে মামলা রয়েছে। আলমগীরের কাছ থেকে প্রতিদিন দুই হাজার টাকায় দুই ঘণ্টার জন্য মাইক্রোবাসটি ভাড়া নিয়ে ছিনতাইয়ে বের হতো কালাম ও হেমায়েত।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটির মালিক একটি বেসরকারি ব্যাংকের একজন পরিচালক। তবে স্থানীয় যুবক আলমগীর একরকম জোর করেই তাঁর গাড়িটি ব্যবহার করত বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
পুলিশ জানায়, নিহত আয়েশার ব্যাগে সাত হাজার টাকা ছিল। ছিনতাইকারীরা এর মধ্যে দুই হাজার টাকা গাড়ির ভাড়া বাবদ আলমগীরকে দেয়। বাকি পাঁচ হাজার টাকা কালাম ও হেমায়েত আধাআধি ভাগ করে নেয়। আয়েশার হাতে থাকা মুঠোফোন রাস্তায় কোথাও পড়ে ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে।