দুই ছেলে দেখলেন, বাবাকে চাপা দিয়েছে মিনিবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে দুই ছেলে, পেছনে রাস্তা পার হচ্ছিলেন তাঁদের বাবা আবদুল গফফার (৫০)। হঠাৎ চিৎকার শুনে দুই ছেলে পেছনে তাকিয়ে দেখেন, বাবাকে চাপা দিয়েছে একটি মিনিবাস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান গফফার। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গবাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল গফফার সাভারের একটি টেক্সটাইল মিলের কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শী দুই ছেলে আশিকুর রহমান ও সোহানুর রহমান হাসপাতালে প্রথম আলোকে জানান, তাঁদের বাসা সাভারের দক্ষিণ রাজাসনে। দুই দিন আগে তাঁদের একমাত্র বোন শাকিলা আক্তারের বিয়ে হয়েছে। মুন্সিগঞ্জে তাঁর শ্বশুরবাড়ি। গতকাল সেখানে ছিল বউভাত। বউভাতে অংশ নিতে কয়েকজন আত্মীয় আগেই মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হন। বাবার সঙ্গে তাঁরা দুই ভাই যাচ্ছিলেন। সাভার থেকে বাসে করে তাঁরা বঙ্গবাজার মোড়ে নামেন। সেখান থেকে কিছুদূর হেঁটে মুন্সিগঞ্জের বাসে ওঠার জন্য তাঁরা রাস্তা পার হচ্ছিলেন। তাঁরা দুজন ছিলেন সামনে, পেছনে ছিলেন তাঁদের বাবা। চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখেন, একটি মিনিবাস বাবাকে চাপা দিয়েছে। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আশিকুর ও সোহানুর কাঁদতে কাঁদতে বলেন, আত্মীয়দের সঙ্গে বাবা গেলে তাঁকে হারাতে হতো না।
ঘটনা তদন্তকারী শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলম বলেন, চালক পালিয়ে গেলেও ধামরাই-গুলিস্তান পথের ডি লিংক সুপার পরিবহনের ওই মিনিবাসটি আটক করা হয়েছে। গফফার দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
ট্রাকচাপায় এএসআই নিহত: গত সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে খিলক্ষেত বাজারে ট্রাফিক পুলিশ বক্সের কাছে ট্রাকের চাপায় নিহত হয়েছেন খিলক্ষেত থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমিন (২৮)।
পুলিশ জানায়, খিলক্ষেত রেলক্রসিংসংলগ্ন পুলিশ বক্সের সামনে কর্তব্যরত ছিলেন এএসআই আল আমিন ও কনস্টেবল মো. শাহজাহান। এ সময় বেপরোয়া গতির মাটিভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। রাত সাড়ে তিনটার দিকে আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত কনস্টেবল শাহজাহানকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, চালক আশরাফুল ইসলামসহ ট্রাকটি আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ২০০৬ সালে আল আমিন আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কনস্টেবল হিসেবে যোগ দেন। ২০১২ সালে তিনি এএসআই হিসেবে পদোন্নতি পান। তাঁর গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবর্দী থানার বালুঘাটায়। তাঁর বাবার নাম আবদুর রশীদ। আনিসা নামে তাঁর চার বছরের একটি মেয়ে আছে। তাঁর স্ত্রীর নাম মকবুলা মঞ্জুরি।