দুই ছেলেকে হত্যার দায় স্বীকার বাবার: পুলিশ
সিলেটের ওসমানীনগরের চিন্তামণি গ্রামে ডোবা থেকে দুই ছেলের লাশ উদ্ধারের ঘটনায় বাবা ছাতির আলীকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে ওই গ্রাম থেকে তাঁকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দুই ছেলেকে হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
চিন্তামণি গ্রামের বাসিন্দা নুরবি বেগমের দুই ছেলে আবদুল মোমিন (১১) ও রুজেল আহমদের (৭) লাশ গত সোমবার রাতে গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে দুই ছেলের বাবা ছাতির আলীর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
আজ সকাল সাড়ে ১০টার দিকে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন শেষে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল চৌধুরী বলেন, ছাতির আলী মানসিকভাবে কিছুটা অসংলগ্ন বলে তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দাবি করেছেন। আটক ছাতির আলী পুলিশকে বলেছেন, তিনি রাগের মাথায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে কী কারণে রাগ, এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি। এসব জানতে তাঁকে রিমান্ডে নেওয়া হবে বলে ওসি জানান।
সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই শিশুর শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ছিল। এতে ধারণা করা হয়, পরিকল্পিতভাবে দুই শিশুকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হয়। পুলিশকে ছাতির আলী বলেছেন যে তিনি তাদের সুপারিগাছের খোল দিয়ে পিটিয়ে ও মাছ ধরার ধারালো সরঞ্জাম সুলপি দিয়ে খুঁচিয়ে হত্যা করেছেন।
নিহত দুই শিশুর পরিবার ও এলাকাবাসীর ভাষ্য, সোমবার দুপুরের দিকে দুই ছেলে মোমিন ও রুজেলকে নিয়ে মাছ ধরতে যান ছাতির আলী। দুপুরের পর বাড়িতে এক দফা মাছ দিয়ে যায় মোমিন। সে তখন মাকে জানায়, তারা বাবার সঙ্গেই আছে। সন্ধ্যার পরও তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করতে গিয়ে রাত সাড়ে আটটার দিকে গ্রামের ডোবায় মেলে মোমিন-রুজেলের লাশ।
আরও পড়ুন: