দুই ছেলের হাতে বাবা খুন!
জামালপুর সদর উপজেলায় দুই ছেলের লোহার শাবলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নরুন্দি এলাকার আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে দুই ছেলে পলাতক রয়েছেন।
নিহত ব্যক্তির নাম আবদুর রহিম। তিনি উপজেলার আড়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন। তাঁর দুই ছেলে রফিক মিয়া (৩০) ও শফিক মিয়া (২৬)। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর পাঁচেক আগে আবদুর রহিমের স্ত্রী মারা যান। স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি আবারও বিয়ে করতে চাইতেন। এতে বাধা দিচ্ছিলেন তাঁর দুই ছেলে। এই নিয়ে ছেলেদের সঙ্গে তাঁর প্রায় ঝগড়া হতো। বিয়ের আগে দুই ছেলে তাঁদের নামে জমি লিখে দিতে বলেন। কিন্তু আবদুর রহিম তাতে রাজি হচ্ছিলেন না। ওই সব বিষয় নিয়ে গতকাল রাতে ছেলেদের সঙ্গে তাঁর আবারও ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে দুই ছেলে লোহার শাবল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আজ শনিবার বেলা ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে দুই ছেলেসহ পরিবারের সব সদস্য পলাতক রয়েছেন।
জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ কেন্দ্রের দায়িত্বে থাকা পরিদর্শক মো. আনছার আলী বলেন, কয়েক মাস ধরে বিয়ে ও ৩২ শতাংশ জমি নিয়ে দুই ছেলের সঙ্গে বিরোধ চলছিল। ওই সব বিরোধের জের ধরে গতকাল দুই ছেলে শাবল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছেলেরা পলাতক রয়েছেন। তবে তাঁদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে। এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে।