জালিয়াতি করে সোনালী ব্যাংকের প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম হাসেম ও তাঁর দুই ছেলে শওকত আজিজ ও রুবেল আজিজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ বিষয়ে আজ সোমবার তাঁদের তিনজনকে নোটিশ পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় তাঁদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। নোটিশের বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
অভিযোগ রয়েছে, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম হাসেম ও তাঁর দুই ছেলে শওকত আজিজ (পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক) ও রুবেল আজিজ (প্রতিষ্ঠানের পরিচালক) তিনজন মিলে বিদেশ থেকে অপরিশোধিত চিনি আমদানির নামে ২০১১ সালে মাত্র ৭ কোটি ৪২ লাখ টাকা এফডিআরের বিপরীতে সোনালী ব্যাংকের বঙ্গবন্ধু অ্যাভিনিউ শাখায় ১৫০ কোটি টাকার দুটি এলসি খুলে তা পরিশোধ করেননি। ওই এলসির বিপরীতে ৩০ হাজার টন অপরিশোধিত চিনি আমদানি এবং তা বাজারে বিক্রি করলেও সেই টাকা ব্যাংকে জমা পড়েনি। এ ছাড়া ওই এলসি খোলার আগেও ব্যাংকের কাছে পারটেক্স গ্রুপের ২২ কোটি টাকা পাওনা ছিল।
ব্যাংকের নিয়ম অনুযায়ী টাকা অনাদায়ী থাকলে নতুন এলসি খোলা যায় না। কিন্তু এ ক্ষেত্রে পারটেক্স সুগার মিল এবং ব্যাংকের কিছু কর্মকর্তা নিয়ম ভেঙে ১৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি করেছেন।