মারজান ও সাদ্দামের শরীরে একাধিক গুলির চিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত দুই জঙ্গি নুরুল ইসলাম মারজান ও সাদ্দাম হোসেনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁদের শরীরে একাধিক গুলির চিহ্ন দেখা গেছে। জঙ্গি সাদ্দামের শরীর থেকে তিনটি গুলি বের করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দুই জঙ্গির ময়নাতদন্ত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদের ভাষ্য, দুই জঙ্গির ডিএনএ পরীক্ষা করা হবে। তাঁদের ভিসেরা, রক্ত ও ইউরিন সংগ্রহ করা হয়েছে। সেগুলোও পরীক্ষা করা হবে।

দুই জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হন।

পুলিশ জানিয়েছে, মারজান গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় জঙ্গিদের অন্যতম সমন্বয়ক ছিলেন। আর সাদ্দাম রংপুরের জাপানি নাগরিক কুনিও হোশিসহ উত্তরাঞ্চলে একাধিক জঙ্গি হামলা ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তিনি পাঁচটি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি এবং আরও পাঁচটি হত্যা ও হত্যাচেষ্টা মামলারও আসামি। সাদ্দামকে গত বছরের ১৪ এপ্রিল গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ পরিচয়ধারী লোকজন তুলে নিয়ে এসেছিল বলে জানিয়েছেন তাঁর বাবা তাজুল ইসলাম।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপর একটি সূত্র জানিয়েছে, গত ১ জুলাই হলি আর্টিজানে হামলার মাস খানেক পর মারজানকে আটক করা হয়। এরপর কয়েক দিন বাস্তবিক অর্থেই মুখ বন্ধ রাখেন মারজান। এ সময় তিনি কথাবার্তাও বলেননি, খাওয়াদাওয়াও বন্ধ রেখেছিলেন। গত ১১ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হন মারজানের স্ত্রী আরেফিন প্রিয়তি।

এর আগে ১২ আগস্ট ঢাকা মহানগর পুলিশ ‘হ্যালো সিটি’ অ্যাপের মাধ্যমে মারজানের বিষয়ে তথ্য জানানোর জন্য আহ্বান জানায়। ওই দিন তাঁর ছবি প্রকাশ করা হয়।