দুই জায়গায় সংঘর্ষ, এক নারীর মৃত্যু, আহত ১৩
পাবনার চাটমোহর হরিপুর ইউনিয়নের সোন্দভা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত রাবেয়া খাতুন (৩৫) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ওই গ্রামের মধু সরদারের স্ত্রী। গত বুধবার সংঘর্ষে আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। ওই সংঘর্ষে আরও ১০ জন আহত হয়। এদিকে সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন।
চাটমোহরে সংঘর্ষের ঘটনায় ২২ জনকে আসামি করে একটি মামলা হয়েছিল। রাবেয়া খাতুনের মৃত্যুর পর পুলিশ গতকাল মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সোন্দভা গ্রামের আবদুল গফুর (৪০) ও জালাল উদ্দিন (৫০)।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের আবদুল খালেকের সঙ্গে ওয়াহেদ আলী নামে অপর এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ ছিল। গত বুধবার বিকেলে ওয়াহেদ আলী ওই জমিতে ঘর তুলতে গেলে খালেকের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে সাতজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. নুরুজ্জামান বলেন, আবদুল খালেকের পক্ষে ছিলেন রাবেয়া খাতুন।
সিরাজগঞ্জ সদর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ধিতপুর গ্রামের মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় সভায় গ্রাম্য মেলায় পণ্য কেনা নিয়ে শিয়ালকোল ইউনিয়নের ফুলবাড়ি ও খোকশাবাড়ি গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ ঘটনায় গত সোমবার দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও মামলা-পাল্টা মামলা হয়। এর জেরে গতকাল ফুলবাড়ি গ্রামের মোবারক শেখের নেতৃত্বে একটি দল তেলকুপি গ্রামের প্রতিপক্ষের ছয় ব্যক্তির বাড়িতে হামলা চালান। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে তিনজন আহত হন।