দুই জেলা থেকে জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা নেতার নাম জোবেদ আলী (৫০)। তিনি উপজেলা জামায়াতের সদস্য। গত শনিবার রাত আটটার দিকে উপজেলা শহরের একটি আসবাবপত্রের দোকান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, জোবেদ আলীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ আছে। গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মিলন বাজার থেকে শনিবার রাতে গ্রেপ্তার করা ব্যক্তির নাম সামসুল আলম (৪০)। তিনি বড়খাতা ইউনিয়নের জামায়াতের আমির। তাঁর বাড়ি ওই ইউনিয়নের গড্ডিমারী গ্রামে।

হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম বলেন, সামসুল আলমের বিরুদ্ধে মামলা আছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।