দুই জেলা থেকে মলম পার্টির সাত সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সুতা ব্যবসায়ী নিত্য গোপাল সাহা (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গতকাল রোববার দিনভর নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মলম পার্টির সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ তাদের কাছ থেকে পাকিস্তানি চেতনানাশক ১০০ বড়ি ও তাদের ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিকশা উদ্ধার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিকেলে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুব্রত কুমার হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হাওলাদার জানান, শুক্রবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা নারায়ণগঞ্জ শহরের বাসায় ফেরার পথে নিখোঁজ হন সুতা ব্যবাসায়ী নিত্য সাহা। পরে লিংক রোডের ফতুল্লার দেলপাড়া এলাকার ফিরোজ পেট্রলপাম্পের পাশের ঢাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই উত্তম সাহা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ধারণা করা হচ্ছে, নিত্য সাহা মলম পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খান বলেন, ব্যবসায়ী নিত্য সাহা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ফতুল্লার ভুঁইগড় কড়ইতলা এলাকা থেকে মৃত ওমর আলীর ছেলে শাহ পরানকে (৩৪) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে মো. দেলোয়ার (৩০), দুলাল হোসেন (২৩), কামাল হোসেন (৪০), মো. রাব্বী (২৫), আবদুল মান্নান (৪৫) ও মিনহাজুলকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা মহানগর ডিবি এবং আশপাশের জেলায় একাধিক মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নিত্য সাহা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলে পুলিশ আশা করছে।