দুই জেলায় তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গত রোববার রাতে বোরহান উদ্দিন (৩২) নামের মসজিদের এক ইমামকে খুন করেছে দুর্বৃত্তরা। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চমক বাদশা (৪০) নামের এক বাক্প্রতিবন্ধী ও বাঞ্ছারামপুরে মো. তাইজুদ্দিন (৩৫) নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালককে খুন করেছে দুর্বৃত্তরা।  

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ময়মনসিংহ: বোরহানের বাড়ি গফরগাঁওয়ের লংগাইল ইউনিয়নের গোলাবাড়ী গ্রামে। তিনি পাশের আমলীতলা গ্রামের মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। গত রোববার রাতে বোরো ধানের জমিতে সেচ দেওয়ার উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। গতকাল সোমবার সকালে বাড়ি থেকে কয়েক শ গজ দূরে সেতুর নিচ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগরের গুনিয়াউক ইউনিয়নেরনিশ্চিন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি মাঠে বাক্প্রতিবন্ধী চমকের লাশ পড়ে ছিল। গতকাল সকালে প্রতিবেশীরা চমকের লাশ দেখতে পান। চমকের চাচা রহিম মিয়া জানান, রোববার রাতে কাজের কথা বলে চমক বাড়ি থেকে বের হন। গতকাল সকালে জমিতে তাঁর লাশ পাওয়া যায়।

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া):উপজেলা সদরের দশদোনা গ্রামের বাসিন্দা মো. তাইজুদ্দিনের অটোরিকশা গত রোববার রাত নয়টার দিকে বাঞ্ছারামপুর ফেরিঘাট থেকে তিন-চারজন যাত্রী কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর এলাকায় যাওয়ার কথা বলে ভাড়া নেয়।

গতকাল সকালে তাঁর লাশ উপজেলার রূপসদীর বাড়িয়াদহ বিল এলাকার একটি ধানখেতে দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ অটোরিকশাচালকেরা থানা থেকে তাইজুদ্দিনের লাশ নিয়ে যান। পরে তাঁরা এ হত্যার প্রতিবাদে বেলা একটার দিকে বাঞ্ছারামপুর-মুরাদনগর ও বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের জগন্নাথপুর মোড় চৌরাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। উপজেলা আওয়ামী লীগের নেতারা অপরাধীদের শাস্তির আশ্বাস দিলে তাঁরাএক ঘণ্টা পর অবরোধ তুলে নেন।