দুই জেলায় তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে আড়াইহাজারে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর সদর উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন এক গৃহবধূ। মানিকগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেছে এক ব্যক্তির। তিনটি ঘটনাই ঘটেছে গতকাল সোমবার।
আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে দেওয়ান আলীকে (৭৫) পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। দেওয়ান আলীর বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে। আর সদরে নিহত গৃহবধূ মাকসুদা বেগমের (৪০) বাড়ি সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ান আলীর সঙ্গে প্রতিবেশী ইয়াকুব মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সম্প্রতি স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে মীমাংসা করা হয়। গতকাল দুপুরে দেওয়ান তাঁর বাড়ির সীমানায় টিনের বেড়া দিতে যান। তাতে বাধা দেন প্রতিপক্ষ ইয়াকুব, তাঁর ছেলে আয়ুব, স্ত্রী জাহানারা ও শ্যালক হান্নান। তাঁরা দেওয়ান আলীকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দেওয়ান আলীর ছেলে আনিছুর রহমানের অভিযোগ, খুনিরা তাঁদের ৪ শতাংশ জমি দখল করে রেখেছেন। সালিসে তাঁদের পক্ষে রায় হলেও তাঁরা তা মানেননি।
সিদ্ধিরগঞ্জে নিহত মাকসুদার বাবার বাড়ি ঢাকার ভাষানটেক এলাকায়। চাঁদপুরের মতলব থানার পাঁচআনি গ্রামের রনির (৪৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁরা হিরাঝিল এলাকার ৪ নম্বর গলিতে থাকতেন। তাঁদের দুই ছেলেমেয়ে রয়েছে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত উল্লাহ বলেন, পারিবারিক কলহের জেরে গতকাল সকালে মাকসুদার বাঁ পাঁজরে ছুরিকাঘাত করেন তাঁর স্বামী রনি। গুরুতর অবস্থায় প্রতিবেশীরা মাকসুদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জিজ্ঞাসাবাদের জন্য রনির ভাই নান্নু, ভাইয়ের স্ত্রী ও ননদকে আটক করেছে পুলিশ।
মানিকগঞ্জে নিহত আফজাল হোসেন (৩৫) সদর উপজেলার দেড়গ্রাম গ্রামের বাসিন্দা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আমজাদ এলাকায় মাদক ব্যবসা করেন। আফজাল প্রায়ই তাঁর কাছ থেকে গাঁজা কিনে সেবন করতেন। কয়েক দিন আগে আফজালের ছেলে বাবুর কাছ থেকে আমজাদ ৩০০ টাকা ধার নেন। গতকাল বিকেলে ওই টাকা আমজাদের কাছে ফেরত চান আফজাল। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমজাদ তাঁর কাছে থাকা ছুরি দিয়ে আফজালকে আঘাত করেন। এতে গুরুতর আহত আফজালকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।