দুই জেলায় দুই শিশুকে হত্যা, অভিযোগ মায়েদের বিরুদ্ধে
এবার মৌলভীবাজার ও কিশোরগঞ্জে দুই শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার কিশোরগঞ্জ সদরে মাহাথির নামে দেড় বছরের এক শিশুকে জবাই করে হত্যা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের জুড়ীতে ছয় বছরের শিশুকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
উভয় ঘটনায় ওই দুই শিশুর মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। এর মধ্যে কিশোরগঞ্জে সন্তানকে হত্যার অভিযোগে মা সালমা আক্তারকে আটক করেছে পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সালমা ‘মানসিক ভারসাম্যহীন’। মৌলভীবাজারের জুড়ীতে সন্তানকে হত্যার পর গৃহবধূ পারভিন বেগম (২৫) আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি পুলিশের পাহারায় চিকিৎসাধীন।
গতকাল বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকায় নানাবাড়িতে দেড় বছরের শিশু মাহাথিরকে মা সালমা আক্তার জবাই করে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থল থেকে সালমাকে আটক করে এবং জবাই করার কাজে ব্যবহৃত দা উদ্ধার করা হয়।
সালমার বাবা আসাদ মিয়া বলেন, তাঁর মেয়ে শিশুসন্তানকে নিয়ে একটি ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ রক্তমাখা দা হাতে ঘর থেকে বেরিয়ে নিজেই চিৎকার শুরু করে বলতে থাকেন, ‘তোমরা দেখে যাও আমি আমার ছেলেকে হত্যা করেছি। সে আর কান্না করতে পারবে না।’
সালমার স্বামী আবুল কালাম বলেন, সালমা মানসিক ভারসাম্যহীন ছিলেন। চিকিৎসার জন্য দুই সপ্তাহ আগে বাবার বাড়ি প্যারাভাঙ্গা গ্রামে যান দেড় বছরের শিশুকে নিয়ে। সেখানেই খুনের ঘটনা ঘটে। কিছুদিন আগেও সালমা শিশুটিকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা করেছিলেন।
গতকাল দুপুরে কিশোরগঞ্জ সদর থানায় পুলিশ হেফাজতে থাকা সালমা সাংবাদিকদের বলেন, তিনি সকালে ঘুমাচ্ছিলেন। ছেলের কান্নাকাটিতে তাঁর ঘুম ভেঙে যায়। তখন ক্ষুব্ধ হয়ে শিশুকে দা দিয়ে জবাই করেন।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান বলেন, হত্যার কথা স্বীকার করেছেন শিশুটির মা নিজেই। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে মৌলভীবাজারের জুড়ীতে ছয় বছরের সন্তান সাদিয়া বেগমকে বিষপান করিয়ে হত্যার দায়ে মা পারভিন বেগমের বিরুদ্ধে জুড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন স্বামী জাকির হোসেন। পারভিন বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন।
পুলিশ জানায়, একমাত্র সন্তান সাদিয়া পরিবারের সঙ্গে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে থাকত। সেখানে গ্রামের স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত।
সাদিয়াকে মুখে ‘বিষ’ ঢেলে তার মা হত্যা করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করেন জাকির। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি এজাহারে কিছু উল্লেখ করেননি।
মামলার এজাহারের বরাত দিয়ে জুড়ী থানার পুলিশ জানায়, জাকির গত বৃহস্পতিবার রাতে গ্রামের একটি দোকানে বসে ক্রিকেট খেলা দেখছিলেন। খবর পেয়ে বাসায় গিয়ে দেখেন সাদিয়া বমি করছে। মেয়েকে নিয়ে দ্রুত সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা দেন। পথে মুঠোফোনে খবর পান স্ত্রী পারভিনও বমি করছেন। পরে জাকির স্ত্রী ও মেয়েকে ওসমানী মেডিকেলে ভর্তি করান। রাত তিনটার দিকে মেয়ে সাদিয়া মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মিঠুন পাল বলেন, প্রাথমিকভাবে সেখানে নেওয়া হয়েছিল শিশুটিকে। তাঁর শরীরে বিষক্রিয়া পাওয়া যায়।
জাকিরের বাবা আবদুল কাদির বলেন, পারভিনের সঙ্গে জাকির বা পরিবারের অন্য কোনো সদস্যের কোনো বিবাদ ছিল না। কী কারণে ঘটনাটি ঘটল, তাঁরা কিছুই বুঝতে পারছেন না।
জাকিরের ভাবি আলেখা বেগম বলেন, সন্দেহ করা হচ্ছে যে কীটনাশক খেয়ে পারভিন নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন। মেয়েকেও হত্যা করেছেন।
জুড়ী থানার ওসি হামিদুর রহমান সিদ্দিকী বলেন, ‘পারিবারিক কলহের জেরে পারভিন সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারভিন সুস্থ হয়ে উঠলে এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’