দুই জেলায় দুজন খুন
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামের একটি খাল থেকে পুলিশ গতকাল শুক্রবার নয়ন শেখ (২৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে। একই দিন ফরিদপুরে সাজ্জাদ মোল্লা (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও কয়েকজন এলাকাবাসী জানান, গতকাল সকালে বাঘুটিয়া গ্রামের একটি খালের পাড়ে নয়ন শেখের লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠায়।
নয়নের বাবা খোকন শেখ বলেন, শংকরপাশা গ্রামের খেয়াঘাটে মুঠোফোন সার্ভিসিংয়ের দোকান থেকে বৃহস্পতিবার রাত আটটার দিকে বের হয়ে নয়ন আর বাড়ি ফেরেননি।
পুলিশ জানায়, নয়নের গলায় ও মুখে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। তাঁর একটি চোখ উপড়ে ফেলা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন বলেন, নয়ন শেখ নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য ছিলেন। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন এবং মাদক সেবনও করতেন। অভয়নগর থানায় তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ জানায়, গতকাল ভোরে শহরের ঝিলটুলী মহল্লায় সাজ্জাদ মোল্লার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন পথচারীরা।
পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। সাজ্জাদ শহরের গুহ লক্ষ্মীপুর মহল্লার লাশকাটা বস্তি এলাকার চান মোল্লার ছেলে।
থানার উপপরিদর্শক (এসআই) নিখিল অধিকারী বলেন, লাশের দুই কনুই ও দুই হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।