দুই জেলায় নারীসহ দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত বৃহস্পতিবার পারভীন বেগম (৪৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পারভীন বেগমের পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারভীন বেগম উপজেলার পূর্ব মৌচাক উত্তরপাড়া এলাকার মৃত সবুর উদ্দিনের স্ত্রী।
একই দিনে ঢাকার কেরানীগঞ্জে সাইদুল ইসলাম (৫২) নামের এক অটোরিকশাচালককে হত্যা করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা।øসাইদুল ইসলাম নোয়াখালী সদর উপজেলার রামগঞ্জ গ্রামের মৃত আরসাদ বেপারীর ছেলে। তিনি পরিবার নিয়ে কেরানীগঞ্জের মডেল টাউন এলাকার জেসমিন টাওয়ারের সপ্তম তলায় ভাড়া থাকতেন।
পরিবার ও কালিয়াকৈর থানার পুলিশ সূত্রে জানা গেছে, পারভীন বেগমের ছেলে পারভেজ আহম্মেদের সঙ্গে তিন মাস আগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাড়োয়াবাড়ি এলাকার ফজলুল হকের মেয়ে রোজিনার (২২) বিয়ে হয়। কিছুদিনের মধ্যে রোজিনার সঙ্গে শাশুড়ির কলহ দেখা দেয়। বৃহস্পতিবার একটি ঘটনাকে কেন্দ্র করে বন বিভাগের লোকজনের সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের ঝগড়া হয়। মামলার ভয়ে ওই এলাকার সব পুরুষ রাতে আত্মগোপনে চলে যান। রাতের কোনো একসময়ে রোজিনা কুড়াল দিয়ে শাশুড়ির মাথায় এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করেন। খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুরে পুলিশ পারভীনের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় ও রোজিনাকে গ্রেপ্তার করে।
পারভেজ আহম্মেদ জানান, শুক্রবার সকালে বাড়িতে এসে মায়ের ঘরে তালা দেখে তিনি রোজিনার কাছে মায়ের অবস্থান জানতে চান। কিন্তু রোজিনা কোনো জবাব দেননি। সন্দেহ হলে ঘরের ফাঁক দিয়ে উঁকি দিলে মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পান।
তবে পুলিশ হেফাজতে থাকা রোজিনা বেগম দাবি করেন, কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখলেই শাশুড়ি সন্দেহ করতেন। ওই রাতে তাঁর স্বামী বাড়িতে না থাকায় শাশুড়ি ঝগড়া শুরু করলে তিনি কুড়াল দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোজিনা হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় পারভীনের দেবর ফজলুল হক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন।
কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কয়েকজন ছিনতাইকারী যাত্রী সেজে সাইদুল ইসলামের অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার এলাকায় এলে ছিনতাইকারীরা অটোরিকশা থেকে নেমে সাইদুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সাইদুল ইসলামের ছেলে মো. নাজিম উদ্দিন জানান, অটোরিকশা ছিনতাই করতেই তাঁর বাবাকে হত্যা করা হয়েছে বলে তাঁদের ধারণা।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে।