দুই জেলায় বিএনপি ও জামায়াতের ২৬ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কাসহ বিভিন্ন অভিযোগে বিএনপি ও জামায়াতের ২৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
মানিকগঞ্জে আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার ছানোয়ার হোসেন, জুয়েল মিয়া, আবদুর রহমান, সিঙ্গাইর উপজেলার সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, আবদুল আওয়াল, শিবালয় উপজেলার মিজানুর রহমান, মো. আলাউদ্দিন, নজরুল ইসলাম ও ঘিওর উপজেলার স্বপন মিয়া। এঁরা সবাই বিএনপির কর্মী।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার ঢাকায় বকশীবাজারে বিএনপি-ছাত্রদল বনাম পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার জের ধরে জেলায় নাশকতার আশঙ্কায় বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় এই ১০ বিএনপির কর্মীকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা করা হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ বিএনপি ও জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে। বুধবার সন্ধ্যা থেকে গতকাল ভোর পর্যন্ত অভিযানে তাঁদের আটক করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা দাবি করেন, আটক নেতা-কর্মীরা গত বছর সরকারবিরোধী আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে সংঘটিত গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আটকের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।