দুই জেলায় বিএনপি জামায়াতের সাত নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ ও বাউফল উপজেলা থেকে চার বিএনপি নেতা এবং চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গোপন বৈঠক করছেন এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও শাহাবুদ্দিন এবং উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পিন্টু সিকদারকে আটক করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ কর্মকার জানান, একই রাতে উপজেলা পরিষদ এলাকা থেকে বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে আটক করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের পশ্চিম বাজালিয়া থেকে গতকাল শনিবার দুপুরে তিন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন এলাকার ইলিয়াছ (৫৫), মোস্তফা কবির (২৮) ও মুজিবুর রহমান (২৫)।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, গ্রেপ্তার করা জামায়াত কর্মীরা যুবলীগ কর্মী জব্বার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগেও একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।