দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পটুয়াখালীর বাউফলের কালিশুরি সড়কে গত রোববার রাতে কাভার্ড ভ্যানের চাপায় এক দম্পতি নিহত হয়েছেন। এদিকে ফরিদপুরের সদরপুর উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।
নিহত দম্পতির নাম নুরুল ইসলাম (৩৫) ও তাঁর স্ত্রী সুরমা বেগম (২৫)। রাতেই পুলিশ ওই কাভার্ড ভ্যানটি আটক করেছে। চালক পলাতক।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, উপজেলার সূর্যমণি ইউনিয়নের সূর্যমণি গ্রামের নুরুল ইসলাম ও সুরমা বেগম পাশেই আত্মীয়ের বাড়ি থেকে বাউফল-কালিশুরি সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই সড়ক দিয়ে একটি কাভার্ড ভ্যান কালিশুরির দিকে যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি অন্য দিক থেকে আসা একটি টমটমকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রী দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রোকনুজ্জামান রোকন জানান, এ ঘটনায় বাউফল থানায় মামলা হয়েছে।
ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেলচালকের নাম নজরুল ইসলাম (৩৫)। গতকাল সকালে সদরপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের গাবতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর গ্রামের হক খলিফার ছেলে।
ঘটনার দুই প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নজরুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে গাবতলায় রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।