দুই জেলার শ্রমিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার এক বাসচালককে ফরিদপুরের বাসশ্রমিকেরা শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মাগুরার ওপর দিয়ে ফরিদপুরের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মাগুরার বাসশ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে মাগুরার ওই বাসচালক ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ে গেলে সেখানে ফরিদপুরে শ্রমিকেরা তাঁকে মারধর করেন।

ওই ঘটনার পর ফরিদপুর থেকে ছেড়ে আসা যেসব যাত্রীবাহী বাস মাগুরার ওপর দিয়ে খুলনা, বেনাপোল ও কুষ্টিয়ায় সরাসরি চলাচল করে, সেগুলো বন্ধ হয়ে গেছে। ফরিদপুর থেকে ছেড়ে আসা বাসের যাত্রীদের মাগুরা থেকে স্থানীয় শ্রমিকেরা গন্তব্যস্থলে যাওয়ার জন্য মাগুরা বাস-মিনিবাস মালিক সমিতির বাসে তুলে দিচ্ছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রীরা।

মাগুরা জেলা বাসশ্রমিকেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাগুরা থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত কিছু যাত্রীবাহী বাস চলাচল করছে। কিন্তু সম্প্রতি এতে বাধা দেন ফরিদপুরের শ্রমিকেরা। ফরিদপুরের বাস-মিনিবাস মালিক সমিতির নেতাদের উসকানিতে ফরিদপুরের শ্রমিকেরা মাগুরা থেকে দৌলতদিয়ায় যাত্রী নিয়ে যাওয়া বাসের শ্রমিকদের মারধর করেন ও তাঁদের কাছে থাকা টাকা কেড়ে নেন। আজ মঙ্গলবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী থেকে মাগুরার এসডি পরিবহনের একটি বাসযাত্রী নিয়ে দৌলতদিয়ায় যাচ্ছিল। পথে ফরিদপুরের শ্রমিকেরা বাধা দেন। এ সময় বাসচালক আরজ আলীকে মারধর করে তাঁর কাছে থাকা ৬ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেন। সেই সঙ্গে যাত্রী নামিয়ে ওই বাসটি মাগুরায় ফেরত পাঠিয়ে দেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুপুরে মাগুরার শ্রমিকেরা ফরিদপুরের বাস-মিনিবাস মালিক সমিতির মালিকানাধীন খুলনা, বেনাপোল ও কুষ্টিয়াগামী বাসগুলো মাগুরায় আটকে দেয়। মাগুরার শ্রমিকেরাও ফরিদপুরের বাসগুলো থেকে যাত্রী নামিয়ে মাগুরা বাস-মিনিবাস মালিক গ্রুপের বাসে তুলে দিয়ে ফরিদপুরে ফিরিয়ে দেয়। এ কারণে এ পথে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুরের শ্রমিক নেতা-কর্মীরা অযৌক্তিক অজুহাতে মাগুরার শ্রমিকদের ওপর একের পর এক নির্যাতন করে যাচ্ছেন। আমরা বারবার বিষয়টির সমাধান চেয়েছি। কিন্তু তাঁরা শুনছেন না। মঙ্গলবার আমাদের এক শ্রমিককে তাঁরা মারধর করে টাকাপয়সা কেড়ে নিয়েছেন। তাই আমরা মাগুরার ওপর দিয়ে চলাচলকারী ফরিদপুরের সব বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে আমরা ফরিদপুরের কোনো বাস মাগুরার ওপর দিয়ে চলতে দেব না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইমদাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুরে প্রায়ই এমন ঘটনা ঘটছে। আমরা সমাধানের চেষ্টা করছি।’

এ বিষয়ে ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাসির বলেন, বিষয়টি শ্রমিকদের নয়, দুই বাস মালিক গ্রুপের। তাঁরা এ সম্পর্কে বলতে পারবেন।

ফরিদপুর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিঠু সাহা বলেন, ‘মাগুরা বাস-মিনিবাস মালিক সমিতি কোনো নির্ধারিত ট্রিপ ছাড়াই আমাদের রুটে গাড়ি ছাড়েন। এতে আমাদের লোকাল বাসের যাত্রী বহনে মারাত্মক ক্ষতি হয়। তাই আমরা তাঁদের বাস চলাচল বন্ধ করে দিয়েছি। মঙ্গলবার তাঁরা মাগুরা থেকে আমাদের বেনাপোলগামী গাড়ি থেকেও যাত্রী নামিয়ে দিয়েছে।’

ফরিদপুর বাস-মিনিবাস মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোকাররম হোসেন বলেন, ‘এ ঘটনার মীমাংসা না করা হলে আমরা বুধবার থেকে শুধু মাগুরা না, যশোরের কোনো গাড়িও ফরিদপুরের রুটে চলতে দেব না। প্রয়োজনে আমরা মাগুরা রুটে বাস চালাব না।’

জানতে চাইলে মাগুরা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিয়া প্রথম আলোকে বলেন, ‘তারা (ফরিদপুর) দীর্ঘদিন তাদের সীমানায় আমাদের গাড়ি চলতে দেয় না। অথচ তাদের ৭০টি ট্রিপ প্রতিদিন মাগুরার ওপর দিয়ে চলে। ঈদের সময় আমরা দু-একটি ট্রিপ চালাই। কিন্তু তারা ব্যাপক চাঁদাবাজি করে। প্রতি গাড়ি থেকে তারা এক হাজার থেকে দেড় হাজার টাকা চাঁদা নেয়। তারা কামারখালী থেকে আমাদের গাড়ি ঘুরিয়ে দেয়। আমাদের কোনো চুক্তিই তারা মানে না। এখন আমরা আমাদের রুটে তাঁদের গাড়ি চলতে দেব না। মাগুরার সীমানায় তাদের গাড়ি ঢুকতে দেব না।’

মাগুরা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুর ও মাগুরা বাস-মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্বের বিষয়টি শুনেছি। সমাধানের পথ খুঁজে দেখা হবে।’