দুই জেলায় আটক ২৯
চাঁপাইনবাবগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পুরোনো মামলা ও নতুন করে নাশকতা চালানোর চেষ্টার অভিযোগে গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ: জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ফেরদৌস আলম বলেন, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর একজন কর্মীসহ ২০ জনকে আটক করে পুলিশ। আটক জামায়াত কর্মীর নাম আবদুল্লাহ খান (২৮)। আটক অন্যরা বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার আসামি।
এদিকে, গতকাল দিবাগত রাত দুইটার দিকে শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা স্থানীয় বিএনপি নেত্রী সায়মা খাতুনকে চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলাসহ একাধিক মামলা রয়েছে।
নেত্রকোনা: গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা শিবিরের সাবেক সভাপতি মো. কামাল উদ্দিনসহ বিএনপি ও জামায়াতের আটজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে নেত্রকোনা সদর ও কেন্দুয়া উপজেলায় দুজন করে, দুর্গাপুর, পূর্বধলা, মদন ও খালিয়াজুরি উপজেলায় একজন করে রয়েছেন। তাঁরা নিজ নিজ এলাকায় নাশকতা চালানোর চেষ্টা করছিলেন করছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে পুলিশের তরফ থেকে বলা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, আটককৃতদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।