দুই জেলায় এক শিশুসহ তিন খুন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামে গত মঙ্গলবার প্রতিবেশীর লাঠির আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিন জেলার বিরামপুরে ট্রাকের মালিককে হত্যা করে ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল বুধবার কুড়িগ্রামের রৌমারীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
শালিকাদহ গ্রামের কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শালিকাদহ গ্রামের নজরুল ইসলাম (২৮) ও তাঁর স্ত্রী বিলকিস বেগমের (২২) মধ্যে প্রায়ই ঝগড়া হয়। গত মঙ্গলবার রাতে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হলে ঝগড়া থামাতে আসেন প্রতিবেশী আবদুস সাত্তার (৪৫) ও তাঁর ছেলে সাদেকুল ইসলাম (২০)। এ সময় নজরুলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাত্তার। একপর্যায়ে সাদেকুল হাতে থাকা লাঠি দিয়ে নজরুলকে আঘাত করতে যান। কিন্তু লাঠির আঘাত লাগে নজরুলের কোলে থাকা তাঁর চার মাসের মেয়েশিশু বিথি আক্তারের মাথায়। পরে আশঙ্কাজনক অবস্থায় বিথিকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান নজরুল। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পর ওই রাতেই বিথির মৃত্যু হয়। এ ঘটনায় নজরুল গতকাল বুধবার সাত্তার ও সাদেকুলকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
এদিকে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল চন্দ্র পাল বলেন, গত মঙ্গলবার ভোরে বিরামপুরের শ্যামনগর শালবাগান থেকে একটি মিনি ট্রাকের মালিক রশিদুল ইসলামের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। এরপর সব থানায় লাশের ছবি ও ঘটনা জানিয়ে বার্তা পাঠানো হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে রশিদুলের বাবা এসে ছেলের লাশ শনাক্ত করেন। রশিদুল দিনাজপুরের খানসামা উপজেলার কালিতলা (ধর্মপুর) গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
কুদ্দুস বলেন, গত সোমবার তাঁদের পূর্বপরিচিত নীলফামারীর চড়াইখোল কলোনি মহল্লার আলমগীর হোসেন (২৭) দিনাজপুরের ফুলবাড়ী যাওয়ার কথা বলে তাঁর ছেলের মিনি ট্রাকটি ভাড়া করেন। রাতে রশিদুল ফিরে না এলে ও রশিদুলের মুঠোফোন বন্ধ পেলে তাঁরা চিন্তিত হয়ে পড়েন। রাতে তিনি (কুদ্দুস) নীলফামারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। খবর পেয়ে বিরামপুর থানায় এসে রশিদুলের লাশ শনাক্ত করেন তিনি। তাঁর ধারণা, আলমগীরসহ দুর্বৃত্তরা ট্রাকটি ছিনতাই করার জন্য তাঁর ছেলেকে হত্যা করেছে।
বিরামপুর থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, ঢাকার আদাবর থানা-পুলিশ ছিনতাই হওয়া মিনি ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় আলমগীরের মামা রাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও রৌমারী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বন্ধবের ইউনিয়নের বাইটকামারী গ্রামের ট্রাকচালক হজরত আলী ও তাঁর স্ত্রী মরিয়ম বেগমের (৩৫) কলেজপড়ুয়া মেয়ে কয়েক দিন আগে এক ছেলের সঙ্গে পালিয়ে যান। এ নিয়ে গতকাল সকাল সাতটার দিকে হজরত ও মরিয়মের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ঘর থেকে দা নিয়ে এসে স্ত্রীর গলায় আঘাত করেন হজরত। পরে তিনি স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। এ সময় প্রতিবেশীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি এ বি এম সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় মরিয়মের ভাই ছাত্তার একটি হত্যা মামলা করেছেন। হজরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন।