দুই জেলায় কুপিয়ে ও পিটিয়ে দুজনকে হত্যা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে গত বুধবার দিবাগত রাতে সাদ্দাম হোসেন (২৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ছাড়া বাগেরহাটের রামপালে ভাতিজার মারপিটের শিকার এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারাগেছেন।
সাদ্দাম হোসেন কালিগঞ্জের পিরোজপুর গ্রামের ইউসুফ আলী মাঝির ছেলে। এ ঘটনায় একই গ্রামের আশরাফ হোসেন (১৪), তাঁর মা মোমেনা খাতুন (৪৫) ও বাবলু গাজী (৩২) আহত হন।
নিহতের শ্যালক শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে তাঁদের বাড়িতে চুরি হয়। বুধবার রাতে তাঁরা জেগে পাহারা দিচ্ছিলেন। রাত দুইটার দিকে হঠাৎ চার-পাঁচজনকে তাঁদের বাগানের মধ্যে দেখে তাঁরা চোর চোর বলে চিৎকার শুরু করেন। একপর্যায়ে দৌড়ে পালানোর সময় তাঁর ভগ্নিপতি সাদ্দাম একজনকে ধরে ফেলেন।
এ সময় আটক ব্যক্তি তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাদ্দামকে কুপিয়ে খুন করে। এ সময় অন্যরা এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়। আহত ব্যক্তিদের ওই রাতে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস বলেন, আহত ব্যক্তিদের মধ্যে আশরাফ ও মোমেনার অবস্থা আশঙ্কাজনক।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভার কুমার বিশ্বাস গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাটের রামপালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার মারধরে আহত ধীরেন্দ্রনাথ কুণ্ডু (৭০) গতকাল ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
রামপাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বুধবার বিকেলে জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাতিজা সঞ্জয় ওরফে সোনা কুণ্ডু চাচা ধীরেন্দ্রনাথ কুণ্ডুকে মারপিট করেন। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ওসি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।