দুই জেলায় চার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের পরিমল চন্দ্র মল্লিকের বাড়িতে গত রোববার রাতে ডাকাতি হয়েছে। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তিন বাড়িতে ডাকাতি হয়েছে।
পরিমলের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত একটার দিকে একদল ডাকাত দরজা ভেঙে বাসার ভেতর ঢুকে বাড়ির সবার চোখ বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা নগদ ৭০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, ছয়টি হাতঘড়ি, মুঠোফোন ও কাপড়চোপড় নিয়ে যায়। বাসায় পরিমল চন্দ্র মল্লিক ও তাঁর স্ত্রী থাকেন। পরিমলের বড় ছেলে বিষ্ণুব্রত মল্লিক সিআইডির পরিদর্শক ও ছোট ছেলে বাসু দেব মল্লিক ট্রাফিক পুলিশে কর্মরত আছেন। শ্রীমঙ্গল থানার ওসি আবদুল জলিল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।
কসবা থানা সূত্রে জানা গেছে, কসবা উপজেলার রানিয়ারা গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে রোববার রাতে ১০-১২ জন ডাকাত ঢোকে নগদ ২০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে। ডাকাতেরা একই বাড়ির বিল্লাল ভূঁইয়ার ঘরে ঢুকে নগদ ৫ হাজার টাকা লুট করে। পরে তারা শাহিন মিয়ার বাড়িতে ঢুকে টাকা ও স্বর্ণালংকার না পেয়ে খালি হাতে ফিরে যায়। কসবা থানার এএসআই ফারুক মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।