দুই জেলায় চারজনের লাশ উদ্ধার
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের শিকারখাঁ গ্রামে ও সিলেট নগরের আখালিয়া এলাকার সুরমা আবাসিক এলাকা থেকে গতকাল সোমবার দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ময়মনসিংহ শহরে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি পলিথিনে মোড়ানো ছিল।
জালালাবাদ থানা সূত্রে জানা গেছে, সুরমা আবাসিক এলাকার বসতঘর থেকে আবদুস শুকুর (২২) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। বাসার বিদ্যুতের পাখার সঙ্গে তাঁর ফাঁস লাগানো ছিল। গতকাল সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
জৈন্তাপুর থানা সূত্রে জানা গেছে, শিকারখাঁ গ্রামের ওয়াহিদ আহমদ ওরফে ওহিদের (২৫) লাশ বাড়ির পেছনে একটি কাঁঠালগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের একটি ছাত্রাবাসের পেছন দিয়ে যাওয়া নয়াপাড়া খালে পলিথিনে মোড়ানো দুটি নবজাতকের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন।