দুই জেলায় ছুরিকাঘাত ও কিলঘুষিতে নিহত ২
পাওনা টাকা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে বগুড়ার ধুনট উপজেলায় কিলঘুষিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে আরেক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার এসব ঘটনা ঘটে। তাঁরা নিজ নিজ ভাতিজাদের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ধুনটে নিহত ব্যক্তির নাম সেকেন্দার সরকার (৭৫)। বাড়ি উপজেলার চিকাশি গ্রামে। সুন্দরগঞ্জে নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫৮)। বাড়ি উপজেলার পশ্চিম ছাপরহাটি গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার চিকাশি গ্রামের সেকেন্দারের সঙ্গে তাঁর বড় ভাই দেরাজ সরকারের ছেলে আফাজ সরকার ও বায়েচ সরকারের দীর্ঘদিন ধরে জমিজমাসহ পারিবারিক বিরোধ চলে আসছিল। সেকেন্দার এবং তাঁর দুই ছেলে সোনা সরকার ও আবদুল লতিফ সরকার গতকাল সকালে বাড়ির পাশে কালীবাড়ি মাঠে কাজ করছিলেন। পাশেই অন্য একটি জমিতে কাজ করছিলেন আফাজ সরকার ও বায়েচ সরকার। একপর্যায়ে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় আফাজ ও বায়েচের কিলঘুষিতে তাঁদের চাচা সেকেন্দার ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বায়েচ সরকারের স্ত্রী মোর্শেদা খাতুন, আফাজ সরকারের মেয়ে আফরোজা খাতুন ও ইতি পারভিনকে আটক করেছে পুলিশ।
সেকেন্দার সরকারের ছেলে আবদুল লতিফ বলেন, ‘আমার বাবার কাছে বোরো ধানের জমিতে সেচ বাবদ চাচাতো ভাই আফাজের এক হাজার টাকা পাওনা ছিল। এ নিয়ে বাবার সঙ্গে চাচাতো ভাইদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই ভাই আফাজ ও বায়েচ আমার বাবাকে কিলঘুষি ও লাথি মারতে থাকেন। এতে বাবার মৃত্যু হয়। বাবাকে রক্ষা করে গিয়ে আমরাও মারধরের শিকার হয়েছি।’
তবে বায়েচ সরকারের স্ত্রী মোর্শেদা খাতুন বলেন, ‘চাচাতো ভাইদের মধ্যে ঝগড়াঝাঁটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তা ঠেকাতে গিয়ে সেকেন্দার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁকে কেউ মারধর করেনি।’
বিকেলে জানতে চাইলে ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, সেকেন্দারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপরহাটি গ্রামের নজরুল ইসলাম গতকাল দুপুর ১২টার দিকে বাড়ির উঠান থেকে একটি ছাগল তাড়া করেন। এ নিয়ে তাঁর চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন ও তাঁর ছেলে সোহেল রানার সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সোহেল তাঁর চাচা নজরুলের ঘাড়ে ও কানে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। জাহাঙ্গীর ও তাঁর ছেলে সোহেল পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।