দুই জেলায় তিনজনকে হত্যা

যশোর সদর ও কেশবপুরে গত শনি ও গতকাল রোববার ট্রাকশ্রমিকসহ দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া রাজবাড়ীর পাংশায় শনিবার এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: পারিবারিক বিরোধের জেরে সদর উপজেলার পশ্চিমপাড়া গ্রামেরট্রাকশ্রমিক রবিউল ইসলামকে (৫৫) গতকাল তাঁর ফুপাতো ভাই কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, রোববার সকালে রবিউল নিজের পাটখেতে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় পারিবারিক একটি বিষয় নিয়ে ফুফাতো ভাই আকতারুলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি করেন। একপর্যায়ে আকতারুল উত্তেজিত হয়ে হাতে থাকা দা দিয়ে রবিউলকে এলোপাতাড়ি কোপান। এতে তিনি লুটিয়ে পড়লে আকতারুল পালিয়ে যান। স্থানীয় লোকজন রবিউলকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে খুনিকে গ্রেপ্তারের দাবিতে যশোর ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা বেলা ১১টার দিকে উপশহর এলাকার খাজুরা ট্রাকস্ট্যান্ডে সড়কের ওপর ট্রাক রেখে অবরোধ সৃষ্টি করেন। ঘণ্টা খানেক পরে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাছ আলী ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, পারিবারিক বিরোধের জেরে রবিউলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে আকতারুল পলাতক।
কেশবপুর (যশোর): বিয়ে মেনে না নেওয়ায় গত শনিবার জামাতা আজাহারুল ইসলামের (২৮) হাতে শ্বশুর হোসেন আলী সরদার (৫৫) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সূত্রের বর্ণনা অনুযায়ী, তেঘরী গ্রামের আজাহারুল ইসলাম মোড়ল হাসানপুর বাজরে একটি মিষ্টির দোকানে কাজ করতেন। এ সময় হাসানপুর গ্রামের হোসেন আলী সরদারের মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে তাঁরা বিয়ে করেন। এ বিয়ে মেনে না নেওয়ায় শ্বশুরের সঙ্গে জামাতার বিবাদ চলছিল।
শনিবার সন্ধ্যার পর আজাহারুল মোটরসাইকেলে করে শ্বশুরকে হাসানপুর বাজার থেকে তেঘরীর বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে টিটা বাজিতপুর ফাঁকা মাঠে তাঁকে দা দিয়ে কোপান আজাহারুল। স্থানীয় লোকজন দেখতে পেয়ে আহত ব্যক্তির পরিবারকে খবর দেন। তাঁরা হোসেন আলীকে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেলে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে গতকাল রোববার হোসেন আলী মারা যান।
কেশবপুর থানার ওসি মাহাতাব উদ্দীন জানান, ঘটনার পর থেকে আজহারুল পলাতক। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
রাজবাড়ী: জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের মল্লিকপাড়ার একটি মাঠ থেকে গতকাল সকালে সোবহান খান (২০) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত তরুণের চাচা আরিফ খান জানান, সোবহান তাঁর মা-বাবার সঙ্গে পাট্টা ইউনিয়নের বয়রাট গ্রামের মামার বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় সোবহানের মুঠোফোনে একটি ফোন আসে। এ সময় তিনি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান। এরপর বাড়ি না ফেরায় তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। সকালে মল্লিকপাড়ায় রফিকের বাড়ির পাশে একটি মাঠে সোবহানের লাশ দেখতে পান এলাকার লোকজন।
পাংশা থানার এসআই খান বিল্লাল হোসেন জানান, জামা দিয়ে লাশের হাত ও রশি দিয়ে পা বাঁধা ছিল। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং বাঁ চোখটি উপড়ে ফেলা হয়েছে।
পাংশা থানার ওসি আবু শামা ইকবাল হায়াত বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।