নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর গ্রামের অশোক কুমার রায় (৫৮) নামে এক নৈশপ্রহরী খুন হয়েছেন। এ ছাড়া চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাদশা মিয়া (২৬) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাস্তুকাঠি গ্রামের মেরী এদবর (২৭) নামের আরও দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ও গত রোববার লাশগুলো উদ্ধার করা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নড়াইল: বিছালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বলেন, গতকাল সকালে রামনগরচর খালে অশোক কুমার রায়ের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির ঘাড়ে কোপের চিহ্ন আছে।
নিহত অশোক কুমারের ভাতিজা বিপ্লব রায় বলেন, গত শনিবার রাতে তাঁর কাকাবাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। অশোক কুমার ১৫-১৬ বছর ধরে কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কাজ করছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান বলেন, এ ব্যাপারে থানায় নিহত ব্যক্তির ভাতিজা বিপ্লব রায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঝিনাইদহ: যাদবপুর ইউনিয়ন পরিষদের সদস্য রহিমা খাতুন বলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাদশা মিয়া ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলীপুর গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। তিনি সাত দিন ধরে নিখোঁজ ছিলেন। গতকাল গ্রামের একটি জঙ্গলে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্ত্রী আকলিমা খাতুনের সঙ্গে ঝগড়া করে বাদশা নিখোঁজ হন।
মহেশপুর থানার ওসি সাইদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।
মঠবাড়িয়া (পিরোজপুর): পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, বাস্তুকাঠি গ্রামের মেরী প্রতিবেশী বিধান মল্লিকের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। গত শুক্রবার সকালে তিনি পেয়ারাবাগানে কাজ করতে গিয়ে নিখোঁজ হন। গত রোববার বিকেলে বাগানের ডোবার মধ্যে তাঁর লাশ ভাসতে দেখেন বাগানমালিক। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গতকাল সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নেছারাবাদ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।