দুই জেলায় দুই খুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত মৎস্য ভবনের দোতলার একটি কক্ষ থেকে শাহ জামাল (২৪) নামের ওই তত্ত্বাবধায়কের লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া গত সোমবার রাতে জয়পুরহাট সদরে আরাফাত হোসেন (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন।
শাহ জামাল ঠিকাদারি প্রতিষ্ঠান এস এম ট্রেড ইন্টারন্যাশনালের তত্ত্বাবধায়ক ও চালা মহল্লার আয়নাল হকের ছেলে।
বেলকুচি থানার পুলিশ জানায়, সোমবার রাতের কোনো একসময় ওই কক্ষের মধ্যে শাহ জামালকে শ্বাসরোধে হত্যা করার পর দুর্বৃত্তরা তাঁকে ফেলে চলে যায়। খবর পেয়ে গতকাল সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার কর্মরত নৈশ প্রহরীসহ চারজনকে থানায় ডেকে আনা হয়েছে। ঘটনাস্থল থেকে কাগজে লিপিবদ্ধ কয়েকজনের নাম, তাস ও কিছু খুচরো টাকার নোট উদ্ধার করা হয়েছে। রাতে তাস খেলা নিয়ে সৃষ্ট ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই জিন্নাত আলী থানায় একটি হত্যা মামলা করেছেন।
জয়পুরহাট সদর থানা পুলিশ জানায়, সোমবার রাত আটটার দিকে সদরের বুলুপাড়া মহল্লার ইদ্রিস আলীর ছেলে আরাফাতকে বুলুপাড়া-হাজীপাড়া রাস্তার লুৎফর রহমানের বাড়ির সামনে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাতেই তাঁর লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।
ইদ্রিস আলী জানান, চার বছর ধরে আরাফাত বুলুপাড়ার তার নানা লুৎফর রহমানের বাড়িতে থাকত। গত নভেম্বরে স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে তার মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলাও হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাত-আটজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করেছে।
সদর থানার ওসি আবদুর রশিদ সরকার জানান, রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহরের সাহেব পাড়ার আলামিন হোসেন (২৪), পৌর এলাকার দক্ষিণ বুলু পাড়ার নূরনবী (২৭) ও বুলু পাড়ার রাসেল শেখকে (২৭) আটক করা হয়েছে।