দুই জেলায় দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুর সদরে দুজন খুন হয়েছেন। গতকাল বুধবার তাঁদের লাশ উদ্ধার করা হয়।
জাজিরায় নিহত ব্যক্তির নাম খালেক মাঝি (৭০)। মাদারীপুরে নিহত ব্যক্তির (৩২) পরিচয় মেলেনি।
জাজিরার মুলনা ইউনিয়নের লাউখোলা এলাকা থেকে খালেক মাঝির লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে খালেককে টেনেহিঁচড়ে বের করে নেয়। এ সময় তাঁর স্ত্রী উজালা বেগম বাধা দিলে তাঁকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। উজালা বেগমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে জানতে পারেন, খালেক মাঝিকে কয়েকজন ধরে নিয়ে গেছে। এরপর এলাকাবাসী তাঁকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে রাত একটার দিকে একটি বাড়ির পেছনে কড়ইগাছের সঙ্গে তাঁর লাশ ঝুলতে দেখেন এলাকাবাসী। তখন তাঁরা থানায় খবর দেন। নিহত খালেকের স্ত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
নিহত ব্যক্তির আত্মীয়রা জানান, খালেক নিঃসন্তান ছিলেন। দীর্ঘদিন থেকে খালেকের সঙ্গে তাঁর ভাইদের জমিজমাসংক্রান্ত দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
মাদারীপুর সদর উপজেলার জলঢাকা সেতুর কাছে এলাকাবাসী একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সদর থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।