দুই জেলায় নারীসহ দুজনের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় গতকাল বুধবার আতাউল্লাহ বাবুল (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (২৮) লাশ উদ্ধার করা হয়েছে।
আতাউল্লাহর পরিবার ও কুলিয়ারচর থানার পুলিশ সূত্রে জানা গেছে, আতাউল্লাহর বাড়ি উপজেলার উসমানপুর ইউনিয়নের উসমানপুর গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন। গত সোমবার সকালে ঘর থেকে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। পরে গতকাল বেলা তিনটার দিকে পথচারীরা উপজেলার বাজরা এলাকার একটি পুকুরপাড়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান জানান, আতাউল্লাহ বাবুলের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত হয়ে চলাচল করার সময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে গিয়ে তিনি মারা যেতে পারেন।
ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের বড়গা নামাপাড়া গ্রামের একটি নালায় গতকাল সকালে অজ্ঞাত পরিচয় ওই নারীর অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।