দুই জেলায় নিখোঁজ আরও দুই শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও মানিকগঞ্জে আরও দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শরিফুল ইসলাম প্রায় এক বছর ধরে নিখোঁজ। আরেকজন মানিকগঞ্জের শিবালয় উপজেলার মাদ্রাসাছাত্র মো. রবিন হোসেন নিখোঁজ প্রায় দেড় বছর ধরে।
দুই নিখোঁজ শিক্ষার্থীর মধ্যে রাজশাহীর শরিফুল ইসলামের বাবা বাগমারা থানায় ৪ জুলাই সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শরিফুল ‘বিপথগামী’ হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।
শরিফুলের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল হাকিম জিডিতে উল্লেখ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র শরিফুল শহরের এক ছাত্রাবাসে থাকতেন। প্রায় এক বছর আগে তিনি নিখোঁজ হন। তখন থেকে তাঁর মুঠোফোনও বন্ধ।
গত ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী খুন হন। এর পরদিন শরিফুলের বাবা ও ছোট ভাইকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের দপ্তরে ডেকে নিয়ে শরিফুলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে মানিকগঞ্জের শিবালয় থানার নিখোঁজ মাদ্রাসাছাত্র মো. রবিন হোসেন গত বছরের ১৫ মার্চ বিকেলে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তখন তার বয়স ছিল ১৪ বছর।
রবিনের বাড়ি শিবালয়ের উথলী ইউনিয়নের কোলা গ্রামে। তার বাবা মোতালেব হোসেন কাতার থাকতেন। ছেলে নিখোঁজ হওয়ার পর তিনি দেশে ফিরে আর বিদেশে যাননি। রবিন শিবালয়ের পাশের উপজেলা ঘিওরের দোতরা এলাকায় একটি হাফিজিয়া মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ত। থাকত মাদ্রাসার ছাত্রাবাসে। ২০১৫ সালের মার্চের প্রথম সপ্তাহে বাড়িতে আসে। রবিনের বড় ভাই জহিরুল ইসলাম বলেন, ওই দিন (১৫ মার্চ) রবিনকে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের টেপড়া বাসস্ট্যান্ডে বাসে তুলে দেন। এরপর থেকে তার আর খোঁজ মেলেনি। ওই বছরের ২১ মার্চ রবিনের পরিবারের পক্ষ থেকে শিবালয় থানায় জিডি করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, রবিন নামের এক মাদ্রাসাছাত্র এক বছরের বেশি সময় ধরে নিখোঁজ আছে। তার সন্ধান পেতে দেশের সব থানায় বেতারবার্তার মাধ্যমে তথ্য পাঠানো হয়েছে।