দুই জেলায় প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মঙ্গলবার রাতে একটি পারিবারিক মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। একই রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাতেও একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে ধরে পুলিশে দেওয়া হয়েছে।
নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ধর্মদী গ্রামের পবিত্র শীল প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাত দুইটার দিকে ১০-১২ জন লোক তাঁর ভাই রতন শীলের ঘরে হামলা চালায়। রতনের চিৎকারে বাড়ির সবাই বের হলে একপর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় কালীমন্দিরের দরজা খোলা ছিল। মন্দিরে গিয়ে দেখা যায়, দুটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে এবং পূজার সামগ্রী বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। রতন শীল বলেন, গ্রামের কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই।
ইউএনও আবদুল আজিজ বলেন, ‘স্থানীয় কোনো বিরোধের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।’ নগরকান্দা থানার ওসি সৈয়দ আবদুল্লাহ বলেন, থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, মূর্তি ভাঙচুরের ঘটনায় উত্তম বৈরাগী বাদী হয়ে হৃদয়ের বিরুদ্ধে মামলা করেছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই তরুণ কিছুটা মানসিক ভারসাম্যহীন।