দুই জেলায় বিএনপি-জামায়াতের আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার পরিকল্পনার অভিযোগে দুটি জেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে পিরোজপুরে বিএনপির চারজন ও পঞ্চগড়ে জামায়াতের চারজন রয়েছেন।
পঞ্চগড়: আটোয়ারী উপজেলা জামায়াতের সেক্রেটারি খাদেমুল ইসলামসহ (৪৫) দলটির চার নেতা-কর্মীকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এই নেতা-কর্মীরা ফকিরগঞ্জ বাজারসংলগ্ন তোড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মজিবর রহমানের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন মো. মজিবর রহমান, উপজেলা জামায়াতের কর্মী মো. আশিকুল্যাহ (৬০) ও জাহাঙ্গীর আলম (৪২)। আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. মোজাফ্ফর হোসেন চার জামায়াত নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করে জানান, তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
পিরোজপুর: জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ চারজনকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, জেলা কৃষক দলের কর্মী শেখ জামাল, নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার ও মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম।