দুই জেলায় মাদ্রাসাছাত্রসহ দুজন খুন
মৌলভীবাজার পৌরসভায় একজন নারী এবং ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর গ্রামে মাদ্রাসার এক ছাত্র খুন হয়েছেন। গতকাল রোববার হত্যার এ দুটি ঘটনা ঘটে।
মৌলভীবাজারে নিহত নারীর নাম বীণা ভৌমিক (৫২)। অভিযোগ উঠেছে, ছেলে উৎপল ভৌমিক (৩২) তাঁকে পিটিয়ে হত্যা করেন। উৎপল মানসিক রোগী। তাঁকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা গেছে, বীণা ভৌমিকের বাড়ি পৌরসভার সৈয়ারপুর শ্মশানঘাট এলাকায়। নিজ বাসায় গতকাল বিকেল চারটার দিকে উৎপল তাঁর মাকে প্রথমে কিলঘুষি মারেন। পরে লাঠি দিয়ে বেধড়ক পেটান। এতে ঘটনাস্থলেই বীণার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
সন্ধ্যা ছয়টার দিকে জানতে চাইলে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, উৎপল মানসিক রোগী। তাঁকে এর আগে মানসিক হাসপাতালে রেখে চিকিৎসা করানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর গ্রামে ছুরিকাঘাতে খুন হয়েছেন মঈন শাহ (১৮)। তিনি ময়মনসিংহ শহরের ডিএস কামিল মাদ্রাসায় আলিম শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঈনের বাবা কয়েক বছর আগে মারা যান। এরপর থেকে তাঁদের জমি চাচা নুরে আলম দখল করার চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছে। এর জেরে গতকাল সকাল নয়টার দিকে মঈনের সঙ্গে নুরে আলমের বাগ্বিতণ্ডা হয়। বেলা দুইটার দিকে মঈনকে তাঁদের বাড়ির সামনের সড়কে নুরে আলম ছুরিকাঘাত করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মঈনকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময়ই তাঁর মৃত্যু হয়।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মুঠোফোনে জানতে চাইলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে নুরে আলম পলাতক।