দুই জেলায় র্যা ব পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলায় র্যা ব ও পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে নিহত হওয়া ব্যক্তিরা ডাকাত দলের সদস্য ছিলেন এবং ডাকাতির চেষ্টাকালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে রাত তিনটার দিকে র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হন। গতকাল রাত আটটা পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
র্যা ব-৭-এর সহকারী পরিচালক (জনসংযোগ) চন্দন দেবনাথের ভাষ্য অনুযায়ী, রাত পৌনে তিনটার দিকে র্যা বের সদস্যরা একটি মাইক্রোবাসে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার পথে সাত থেকে আটজনের একটি ডাকাত দল বাঁশ ফেলে মহাসড়কে গতিরোধ করে। এ সময় ডাকাতেরা র্যা বের গাড়ির বাঁ পাশের একটি চাকা ফুটো করে দেয়। র্যা ব সদস্যরা গাড়ি থেকে নামার পর তাঁদের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা যান। আহত হন দুই র্যা ব সদস্য। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, দুটি ওয়ান শুটার গান, পিস্তলের দুটি ম্যাগাজিন, শটগানের গুলি, দেশীয় অস্ত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, বন্দুকযুদ্ধের পর মিরসরাই থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ উদ্ধার করে।
স্থানীয়রা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের ওই স্থান ডাকাতিপ্রবণ এলাকা। সেখানে মাঝেমধ্যেই রাতে গাড়ির পথরোধ করে ডাকাতি করা হয়।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া এলাকায় শুক্রবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন কুষ্টিয়া শহরের কুমারগাড়া এলাকার জয়নাল হোসেন (৩০) ও দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আসাদুল ইসলাম (৪০)।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীনের ভাষ্য অনুযায়ী, মিরপুর-ভেড়ামারা সড়কের মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া ক্যানেলপাড়া এলাকায় ডাকাত দল সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে যানবাহনে ডাকাতি করছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালায়। ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতেরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি বোমা, একটি রামদা, একটি হাঁসুয়া এবং গাছ কাটার করাত উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয় গতকাল শনিবার। এর আগে জয়নালের স্ত্রী শেফালী খাতুন স্বামীর লাশ শনাক্ত করেন মিরপুর থানায় গিয়ে। অপরদিকে আসাদুল ইসলামের লাশ শনাক্ত করেন তাঁর ভাতিজা নূর ইসলাম।
হাসপাতালের মর্গের সামনে জয়নালের দুলাভাই আছালত আলী বলেন, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জয়নাল বাড়ি থেকে বের হয়। এরপর সকালে মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা। জয়নালের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। তিনি ট্রাকচালক ছিলেন।
মর্গের সামনে কয়েকজন ট্রাকচালক বলেন, জয়নাল ট্রাক চালাতেন। মাঝেমধ্যে অটোরিকশাও চালাতেন। হয়তো কারও পাল্লায় পড়ে রাতে কোথাও গিয়েছিলেন।
আসাদুলের ভাতিজা নূর ইসলাম বলেন, তাঁর চাচা এলাকায় কৃষিকাজ করতেন। তাঁর বিরুদ্ধেও কোনো মামলা নেই।