দুই জেলায় শিশুসহ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে গতকাল রোববার চার বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
একই দিন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন সাথী আক্তার (৪) ও রফিকুল ইসলাম (৩০)।
নান্দাইলের জাহাঙ্গীরপুর ইউনিয়নের ডেউলডাংরা গ্রামের এক জঙ্গল থেকে সাথীর লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।
শিশুটির মা তাসলিমা বলেন, সাথী গত বুধবার বিকেলে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর তিনি ও তাঁর স্বামী মিলে নানা জায়গায় শিশুটির খোঁজ করেন। কিন্তু সন্ধান পাননি।
কয়েকজন এলাকাবাসী বলেন, গতকাল সকাল থেকে শিশুটির বাড়ি ও আশপাশের এলাকা থেকে পচা গন্ধ আসতে থাকে। পরে লোকজন ওই দুর্গন্ধ অনুসরণ করে রফিকুলের বাড়ির পেছনের জঙ্গলে গিয়ে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে। পরে শিশুর বাবা-মা গিয়ে লাশটি সাথীর বলে শনাক্ত করেন।
এলাকাবাসী বলেন, এই গ্রামে শিয়ালের উপদ্রব রয়েছে। তাঁদের ধারণা, শিশুটি হয়তো শিয়ালের কবলে পড়েছিল। কিন্তু বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের জঙ্গলে শিশুটি কেন বা কীভাবে গেল, তাঁর তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে আসা ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আক্তারুজ্জামান বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের উদ্ধার করা অংশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অন্য ঘটনায় নিহত রফিক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্বপেরুল গ্রামের বাসিন্দা। গতকাল সকাল নয়টায় বাড়ির পাশের ঝোপের মধ্য থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি লাকসামে একটি ময়দার মিলের শ্রমিক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টায় রাতের খাবার শেষে বাড়ির পাশের চায়ের দোকানের দিকে যান রফিকুল। এরপর অনেক রাত হলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। পরে লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ নিহত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে। পরে সদর দক্ষিণ মডেল থানায় নিহত ব্যক্তির ভাই কবির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও ভুশ্চি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, লাশের গলার নিচে আঘাত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।