দুই জেলায় শিশুসহ দুজনের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার তিন দিন পর গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ি গ্রাম থেকে গতকাল বুধবার জোবায়ের মিয়া (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
জোবায়েরের পরিবার ও সাদুল্যাপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তরফপাহাড়ি গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে জোবায়ের গত সোমবার দুপুরে হঠাৎ নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। এ নিয়ে ওই দিন রাতেই আনোয়ারুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গতকাল দুপুরে এলাকাবাসী এলাকার একটি পুকুরের পাড়ে জোবায়েরের লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস প্রথম আলোকে বলেন, জোবায়েরের হাত ও মাথায় জখমের চিহ্ন ছিল। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ পুকুরপাড়ে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে সৈয়দপুর উপজেলা শহরের হাতিখানার বানিয়াপাড়া এলাকা থেকে গতকাল উর্মি খাতুন (৩২) নামের গৃহবধূর লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন। তিনি রিকশাচালক রবিউল ইসলামের স্ত্রী। স্বামীর বাড়ি চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ থেকে কয়েক দিন আগে উর্মি বাবার বাড়ি বানিয়াপাড়ায় বেড়াতে আসেন। বিকেলে তাঁর লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়।